আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকাকে চমকে দিতে হবে। এটাই ছিল উদ্দেশ্য। তার জন্য ডেকেছিলেন ফ্ল্যাটে। কিন্তু যুবকের আকস্মিক মৃত্যুতে ধোঁয়াশা তৈরি হয়েছে। শুক্রবার রোহিত লাল নামে ২৯ বছরের ওই যুবকের দেহ উদ্ধার হয়। তিনি মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা। দিল্লির একটি সংস্থায় কাজ করতেন। থাকতেন হরিয়ানার গুরুগ্রামে।


পুলিশ জানিয়েছে, গুরগাঁওতে সেক্টর ৫৩–এর একটি ফ্ল্যাটে পেইং গেস্ট হিসাবে ভাড়া থাকতেন রোহিত লাল। 

পুলিশের তথ্য অনুযায়ী, রোহিত এক সহকর্মীর সঙ্গে প্রতিদিন অফিস যেতেন। কিন্তু শুক্রবার সেই সহকর্মী তাঁকে ফোনে না পেয়ে ফ্ল্যাটে আসেন। বারবার দরজা ধাক্কা দেওয়া হলেও রোহিত দরজা খোলেননি। অবশেষে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দরজা ভাঙার পরে ঘটনাটি প্রকাশ্যে আসে। দেখা যায় রোহিত বিছানায় লুটিয়ে পড়ে আছেন। পুলিশ ঘটনাস্থল থেকে অনেকগুলি ওষুধ উদ্ধার করেছে। তার মধ্যে যৌনশক্তিবর্ধক ওষুধও ছিল।


এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রোহিত তাঁর হবু স্ত্রীকে নিমন্ত্রণ করেছিলেন। কিন্তু ওই তরুণী রোহিতের ফ্ল্যাটে পৌঁছানোর আগেই তিনি মারা যান বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশের অনুমান, যৌনশক্তিবর্ধক ওষুধ বেশিমাত্রায় সেবন করার জন্য তাঁর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। 

পুলিশ ময়নাতদন্তের পরে দেহ পরিবারের হাতে তুলে দিয়েছে। যে ওষুধের ওভারডোজের ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে, সেই ওষুধ ফরেনসিকে পাঠানো হয়েছে। ঘরে উদ্ধার করা আরও নানান ওষুধ পরীক্ষা করতে পাঠানো হয়েছে বলেও সূত্রের দাবি। 

পুলিশের দাবি, ‘মৃত্যুর আসল কারণ ফরেনসিকের তথ্য হাতে না আসা জানা যাবে না। তবে অনুমান হয়ত ওষুধের ওভারডোজের জেরেই মৃত্যু হয়েছে।’