আজকাল ওয়েবডেস্ক: মধ্য এশিয়ায় চলমান যুদ্ধ ও আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্থিরতার জেরে ফের বাড়াল রান্নার গ্যাসের দাম। কলকাতা-সহ দেশের অন্য শহরগুলিতে মহার্ঘ রান্নার গ্যাস। রবিবার থেকে ভর্তুকিহীন ১৪.২ কেজির গেরস্থালির এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে দিল্লিতে এখন একটি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৯৪২ টাকা। গত তিন মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার বাড়ল রান্নার গ্যাসের দাম। এর আগে গত মার্চে আমেরিকা ও ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় দিল্লিতে সিলিন্ডার প্রতি ৬০ টাকা বৃদ্ধি পেয়েছিল। সব মিলিয়ে গত কয়েক মাসে রান্নার গ্যাসের দাম একধাক্কায় মোট ৮৯ টাকা বাড়ল।
রান্নার গ্যাসের এই দফায় দফায় মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে সমাজমাধ্যম এক্স-এ ক্ষোভ উগরে দিয়েছেন। লিখেছেন, 'রান্নার গ্যাসের এই লাগামছাড়া মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের রান্নাঘর পুড়িয়ে খাক করে দিচ্ছে। গত চার মাসে সিলিন্ডারের দাম ৮৯ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।'
কেন্দ্রের ইউপিএ আমলের কথা মনে করিয়ে দিয়েছেন খাড়গে। লিখেছেন, 'গত ১২ বছরে কেন্দ্রীয় সরকার কার্যত গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম ৫৩০ টাকা বাড়িয়েছে। তাহলে এখন বিজেপি নেতাদের সিলিন্ডার নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে দেখা যাচ্ছে না কেন?' সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ৪১টি দেশ থেকে জ্বালানি আমদানির দাবি জানানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অন্য দিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই মূল্যবৃদ্ধিকে সাধারণ মানুষের সংসারে ফের কোপ পড়ল বলে ব্যাখ্যা করা হয়েছে। কটাক্ষ করে বলা হয়েছে, 'এটাই বিজেপির মডেল। আন্তর্জাতিক সঙ্কটে গরিবেরা আতঙ্কে দিন কাটায়। ধনীরা আরও ফুলেফেঁপে ওঠে।'
কংগ্রেস তাদের সমাজমাধ্যমের পেজ থেকে কেন্দ্রকে তোলাবাজ সরকার বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে, সমাজবাদী পার্টিও বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে এক্স-এ লিখেছে, 'এই মুদ্রাস্ফীতি বিজেপি ইচ্ছাকৃত ভাবে সৃষ্টি করেছে। এতে সাধারণ মানুষ জর্জরিত। তিন মাসে সিলিন্ডার ৮৯ টাকা দামি হল। এভাবে জনগণকে লুঠ করা কবে থামবে?' পরিস্থিতি আরও খারাপ হতে পারে আশঙ্কা করে সর্বদলীয় বৈঠক ডাকারও দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ।
এ দিকে, দেশজুড়ে বিরোধীদের এই সমালোচনার মুখে পাল্টা সাফাই দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। রবিবার সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সত্ত্বেও প্রতিবেশী দেশ এবং বিশ্বের বহু উন্নত দেশের তুলনায় ভারতের সাধারণ মানুষকে অনেক কম টাকায় রান্নার গ্যাস পাচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক স্তরে বাজার দর একটি এলপিজি সিলিন্ডারের প্রকৃত সরবরাহ খরচ ১,৬০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। সেখানে দিল্লির সাধারণ গ্রাহকরা সিলিন্ডার পাচ্ছেন ৯৪২ টাকায়। অর্থাৎ, সাধারণ গ্রাহকদেরও সিলিন্ডার প্রতি প্রায় ৭০০ টাকা ছাড় দিচ্ছে সরকার। এ ছাড়া, ভর্তুকিপ্রাপ্ত উপভোক্তাদের জন্য এই খরচ আরও কম।
সরকারের দাবি, আন্তর্জাতিক বাজারের সঙ্গে ভারতের পেট্রোলিয়াম পণ্যের দামের ওঠানামা হয়। দেশের আমজনতার ওপর যাতে অতিরিক্ত বোঝা না চাপে, তার জন্য সরকার ভর্তুকি দিয়ে দাম নিয়ন্ত্রণ করার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে।















