আজকাল ওয়েবডেস্ক: ছাত্র আন্দোলন ঘিরে উত্তাল রাজধানী। বৃহস্পতিবার সকালেই ছাত্রদের উদ্দেশে বড়সড় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই নরেন্দ্র মোদিকে পাল্টা জবাব দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

 

বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর পোস্টটি রিপোস্ট করে রাহুল লিখেছেন, "আপনিই সবচেয়ে বেশি ক্ষতি করেছেন ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে। দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার নেপথ্যে আপনার উৎসাহ রয়েছে। যাঁরা দায়ী তাঁদের রক্ষা করে গিয়েছেন। ছাত্রদের দাবি খুব স্পষ্ট, ১. ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে হবে।‌ ২. ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হবে। ৩. যারা ছাত্রদের ওপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে।" 

">  

এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আমরা নিট প্রশ্নপত্র ফাঁস হওয়ার সঙ্গে জড়িতদের জন্য দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য দ্রুত-ট্র্যাক আদালত প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং কর্মকর্তাদের এই বিষয়ে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি। এটি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য আমাদের পদক্ষেপের ধারাবাহিকতা বজায় রাখার একটি ধাপ। এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে যে সংশ্লিষ্ট বিভাগটি প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করবে। যারা আমাদের যুবকদের ভবিষ্যতের জন্য ক্ষতি করার চেষ্টা করছে তাদের ক্ষমা করা হবে না।" 

প্রসঙ্গত, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে এখনও উত্তাল রাজধানী।‌এই ছাত্র আন্দোলনেই সক্রিয় ভূমিকা পালন করছে ককরোচ জনতা পার্টি। বুধবার রাতেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল যন্তর মন্তর চত্বর। বৃহস্পতিবার সকালে এই আন্দোলনে জমায়েত আরও বাড়ছে।

নিরাপত্তার কারণেই সকাল সাড়ে ৭টা থেকেই বন্ধ রাখা হয়েছে দিল্লির ১৬টি মেট্রো স্টেশন। এর মধ্যে লোক কল্যাণ মার্গ, রাজীব চক, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, সেন্ট্রাল সেক্রেটারিয়েটের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলি রয়েছে।