আজকাল ওয়েবডেস্ক : প্রবল চাপে কর্ণাটকের মুখমন্ত্রী সিদ্ধারামাইয়া। জমি দুর্নীতি নিয়ে তার বিরুদ্ধে বড় অভিযোগ এসেছে। যদিও এই বিষয়ে তার পাশে থাকার বার্তা দিয়েছে কংগ্রেস শিবির। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রীদের চ্যালেঞ্জ করে জেলে দেওয়া হচ্ছে। তবে এবার আর সেটা হবে না। যে অভিযোগ তুলে কর্ণাটক মুখ্যমন্ত্রীকে জেলে ভরার পরিকল্পনা করা হয়েছে তার বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ করা হবে। বিজেপির এই চক্রান্ত কার্যকরী করতে দেওয়া হবে না। 

 

আগেই জমি দুর্নীতির অভিযোগ উঠেছিল সিদ্দারামাইয়ার স্ত্রী পার্বতী ও শ্যালক মল্লিকার্জুনের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন তিন সমাজকর্মী। দাবি করা হয়, মাইসুরু নগরোন্নয়ন দপ্তর তথা মুডার জমি বিতরণ করা হয়েছে বেআইনি ভাবে। আর এই মামলাতেই এবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিলেন কর্নাটকের রাজ্যপাল।

 

সিদ্ধান্তের বিরোধিতা করেছেন সিদ্দারামাইয়া। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি দাবি করেন, রাজ্যপালের এহেন সিদ্ধান্ত সংবিধান-বিরোধী এবং আইনবিরোধী। বিরোধীরা ইস্তফার দাবি তোলা প্রসঙ্গে তাঁর বক্তব্য, ''এই নিয়ে আদালতে জিজ্ঞাসাবাদ করা হবে। আমার পদত্যাগ করার কোনও প্রশ্নই নেই।''