আজকাল ওয়েবডেস্ক: এক দিকে বেড়েছে রান্নার গ্যাসের দাম। অন্য দিকে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের বা এলপিজি সিলিন্ডারের সংখ্যা এক ধাক্কায় কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এ বার এই নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেছেন, গরিব মহিলাদের দুর্দশা নিয়ে কেন্দ্র কেবল "কুমিরের কান্না" কাঁদছে। সরকার এখন 'ক্ষমতার দম্ভে মত্ত' হয়ে রয়েছে।
সমাজমাধ্যম এক্স-এ খাড়গে কটাক্ষ করে লেখেন, 'মোদি সরকারের দারিদ্র্য দূরীকরণ অভিযানের আসল চেহারাটা হল— প্রথমে, তারা গরিব মানুষের থেকে একশো দিনের কাজের অধিকার কেড়ে নিয়েছে। এখন তাদের মুখ থেকে খাবারের গ্রাসও কেড়ে নেওয়া হচ্ছে।'
কেন্দ্রকে বিঁধে খাড়গে তাঁর পোস্টে আরও লেখেন, "২০১৬ সালে মোদিজি দাবি করেন যে, উজ্জ্বলা যোজনার মাধ্যমে দেশের মা-বোনেদের কাঠের উনুনের ধোঁয়া থেকে মুক্তি দেওয়া হবে। প্রতিশ্রুতি ছিল বছরে ১২টি ভর্তুকিযুক্ত সিলিন্ডার দেওয়ার। ২০২৫ সাল অর্থাৎ গত বছর সেই সংখ্যা ১২ থেকে কমিয়ে ৯ করা হয়। এ বার সেই ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা ৯ থেকে কমিয়ে মাত্র ৪টি করা হল।'
কংগ্রেস সভাপতি এখানেই থেমে থাকেননি। তিনি আরও ক্ষোভ প্রকাশ করে লেখেন, 'সংক্ষেপে বলতে গেলে, প্রতিশ্রুতি ছিল ১২টির, কিন্তু দেওয়ার ইচ্ছে মাত্র ৪টি সিলিন্ডার।' তাঁর মতে, বারবার মূল্যবৃদ্ধির কারণে ইতিমধ্যেই দেশের প্রায় ৫.৫৬ কোটি উজ্জ্বলা উপভোক্তা সিলিন্ডার রিফিল করতে পারছেন না। ফলে বাধ্য হয়ে মা-বোনেরা আবার সেই পুরনো কাঠের উনানেই ফিরে যাচ্ছেন।
উল্লেখ্য, গত রবিবারই দেশজুড়ে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২৯ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে দিল্লিতে ১৪.২ কেজির একটি রান্নার এলপিজি সিলিন্ডারের দাম ৯১৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৪২ টাকা। কলকাতায় দাম ৯৬৮ টাকা।
তবে সরকারের নতুন নিয়ম অনুযায়ী, উজ্জ্বলা যোজনার উপভোক্তারা বছরে মাত্র প্রথম ৪টি সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি পাবেন। অর্থাৎ, প্রথম ৪টি সিলিন্ডার তাঁরা ৬৪২ টাকা মূল্যে কিনতে পারবেন। কিন্তু এর পরের সিলিন্ডারগুলির জন্য তাঁদের পুরো ৯৪২ টাকাই দিতে হবে। এর আগে গত ৭ মার্চও সিলিন্ডার প্রতি ৬০ টাকা বাড়ানো হয়েছিল। যার ফলে গত তিন মাসে রান্নার গ্যাসের দাম মোট ৮৯ টাকা বেড়েছে।
এলপিজি সিলিন্ডারের দাম বাড়লেও সরকারের দাবি, মধ্য এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি এবং ভূ-রাজনৈতিক সঙ্কটের কারণেই আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আকাশচুম্বী। সেই তুলনায় ভারতীয় গ্রাহকদের বিশ্বের অন্যতম কম দামে গ্যাস সরবরাহ করা হচ্ছে।















