আজকাল ওয়েবডেস্ক : সবকিছু ঠিক থাকলে হরিয়ানাতে তৃতীয়বার ফের সরকার গঠন করতে চলেছে বিজেপি শিবির। আর সূত্রের খবর ফের একবার হরিয়ানার মুখমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নায়াব সিং সাইনি। বিগত দিনে তিনি যেভাবে এই রাজ্যে নিজের দায়িত্ব পালন করেছেন তাতে ফের তাকে এই দায়িত্ব দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তবে শেষ সিদ্ধান্ত নেবে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

 

 হরিয়ানা ভোটে ফের গেরুয়া শিবিরের জয়জয়কার। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯০ টি আসনের মধ্যে ৪৯ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে এখনও পর্যন্ত লড়াই করে যাচ্ছে হাত শিবির। 

 

হরিয়ানায় নির্বিঘ্নে সরকার গড়বে কংগ্রেস। ম্যাজিক ফিগার তো বটেই, ৬৪টি পর্যন্ত আসন জিতবে হাত শিবির। নির্বাচনের পরে এমনটাই দাবি ছিল সাতটি বুথ ফেরত সমীক্ষায়। কিন্তু এক্সিট পোলের সেই পরিসংখ্যান ভুল প্রমাণিত হল ভোটগণনা শুরু হতেই। কংগ্রেসকে পিছনে ফেলে অনেকখানি এগিয়ে গেল বিজেপি। 

 

অক্টোবর এক দফায় নির্বাচন হয় হরিয়ানার ৯০টি বিধানসভা আসনে। তার পরে প্রকাশিত হয় একের পর এক এক্সিট পোল। হরিয়ানায় এককভাবে সরকার গড়তে চলেছে কংগ্রেস, এমনটাই দাবি করা হয় সেখানে। ৭টি বুথ ফেরত সমীক্ষার সারমর্ম, হরিয়ানায় কম-বেশি ৪৯ থেকে ৬৪টি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস।

 

অর্থাৎ ১০ বছর পরে হরিয়ানায় ফের ক্ষমতা দখল করবে হাত শিবির। এক্সিট পোলে জয়ের ইঙ্গিত মিলতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কংগ্রেস কর্মীরা। ভোটগণনার আগেই দিল্লিতে শুরু হয় সেলিব্রেশন। তবে ফল বেরোতেই হাসি মিলিয়ে যায় কংগ্রেস শিবিরে।