আজকাল ওয়েবডেস্ক: আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। দেহের পাশে রেখে গিয়েছেন এক সুইসাইড নোট। তাতে লেখা সাতজন অশুভ আত্মা তাকে বিরক্ত করছে। তাই তিনি চললেন দেহ ছেড়়ে, তাদের সঙ্গে সাক্ষাৎ করতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভোপালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম তরুণ শর্মা। বয়স ২৮ বছর। তিনি মধ্যপ্রদেশের বেতুল জেলার শাহপুর গ্রামের বাসিন্দা। একটি বেসরকারি সংস্থায় কয়েক বছর ধরে কাজ করতেন ওই ভদ্রলোক। পরিচিতরা জানিয়েছেন, কাজের সূত্রে তিনি প্রায়ই রাজ্যের নানা জায়গায় যেতেন।

 

 

গত ২২ সেপ্টেম্বর ভোপালের কাছে এক বাড়ি থেকে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে। বাজারিয়া এলাকায় ওই বাড়িতেই তিনি ভাড়া থাকতেন বলে সূত্রে খবর। এদিন সেই বাড়ি থেকেই ওই ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয়। ঘর তল্লাশি করার সময় পাওয়া যায় একটি চিরকুট। সেখানেই লেখা রহস্যময় কিছু কথা। 

 

 

তাতে লেখা, সাত জন আত্মা তাঁকে ভীষণ কষ্ট দিচ্ছে। তাঁর গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। তাই তিনি তাঁর শরীর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। তাঁকে এখন ওই আত্মাদের সঙ্গে মোকাবিলা করতে হবে। পরের জন্মে আবার দেহ ফিরে পাবেন। 

 

 

এই চিরকুট উদ্ধারের পর ধন্ধে পুলিশ। জানা গিয়েছে, ওই যুবক একাই থাকতেন। প্রাথমিকভাবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ময়নাতদন্তের পরে দেহ পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই যুবকের আচরণে কোনও পরিবর্তন হয়েছিল কি না তা নিয়ে পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি কথা বলা হচ্ছে তাঁর সহকর্মীদের সঙ্গেও।