আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসায় ফের গাফিলতির অভিযোগ। এবার ঘটনাস্থল গ্রেটার নয়ডা। সাত বছরের শিশু পুত্রের বাঁ চোখে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। বাবা নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। কিন্তু চিকিৎসক ভুল করে ডান চোখে অস্ত্রেপচার করেন। পরে নিজের ভুল স্বীকার করতে অস্বীকার করেন ওই চিকিৎসক।
ঘটনাটি ঘটেছে ১২ নভেম্বর আনন্দ স্পেকট্রাম হাসপাতালে।
জানা গেছে, শিশুটির বাঁ চোখ দিয়ে ক্রমাগত জল পড়ত। বাবা নীতীন ভাটি চক্ষু চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। চিকিৎসক আনন্দ ভার্মা পরীক্ষা করে জানান, প্ল্যাস্টিকের মতো একটি জিনিস শিশুটির চোখে রয়েছে। যা অস্ত্রোপচারে ঠিক হয়ে যাবে। এর জন্য খরচা পড়ে ৪৫ হাজার টাকা।
এরপর ওই চিকিৎসক ভুল করে শিশুটির ডান চোখে অস্ত্রোপচার করেন। বাড়ি ফেরার পর শিশুটির মা’র নজরে পড়ে ভুল চোখে অস্ত্রোপচার করা হয়েছে। এরপরই চিকিৎসকের কাছে ছুটে যান শিশুটির মা–বাবা। কিন্তু চিকিৎসক ও তাঁর কর্মচারী দুর্ব্যবহার করেন তাঁদের সঙ্গে।
এরপর শিশুটির মা–বাবা গৌতম বুদ্ধ নগরে চিফ মেডিক্যাল অফিসারের কাছে ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানান। ওই হাসপাতালকে সিল করার পাশাপাশি চিকিৎসকের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছে শিশুটির পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
















