আজকাল ওয়েবডেস্ক:‌ গ্রেটার নয়ডায় এক তরুণীকে পিষে দিল বেপরোয়া গতির গাড়ি। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার বিশরাখ এলাকায়। বুধবার সকালে ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল অনলাইন। ওই ভিডিওয় দেখা গেছে, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক তরুণী। আচমকাই একটি দ্রুত গতির এসইউভি চলে আসে। সামনে থাকা ট্র্যাক্টরকে ওভারটেক করে এগোতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। সজোরে গিয়ে ওই তরুণীকে ধাক্কা মারে গাড়িটি। তার পর তাঁকে চাকায় করে হিঁচড়ে কিছু দূর নিয়ে গিয়ে একটি স্তম্ভে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে সেটি।


পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার পরই গাড়ি রেখে এলাকা থেকে পালায় অভিযুক্ত ১৭ বছরের কিশোর। মৃত তরুণীর নাম শিল্পী (‌২৭)‌। উত্তরপ্রদেশের জাতপুরা গ্রামের বাসিন্দা। কর্মসূত্রে থাকতেন গ্রেটার নয়ডায়। নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলেন। বুধবার কাজে যাচ্ছিলেন তিনি। তখনই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। গাড়ির নম্বর এবং অন্যান্য নথি ঘেঁটে কিশোরের সন্ধান পাওয়ার পর শুক্রবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।