দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা বাড়তে থাকায় এবার আরও সতর্ক হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তৎপরতা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
2
10
সূত্রের খবর, বিভিন্ন ব্যাঙ্কের শীর্ষ কর্তাদের সঙ্গে আগের তুলনায় ঘন ঘন বৈঠক করছে RBI। সরাসরি কথা বলা হচ্ছে সংস্থাগুলির চিফ ইনফরমেশন অফিসার, চিফ টেকনোলজি অফিসার এবং চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসারদের সঙ্গে।
3
10
এই বৈঠকের মূল উদ্দেশ্য হল, ব্যাঙ্কগুলির সাইবার নিরাপত্তার প্রস্তুতি কতটা মজবুত, কোথায় দুর্বলতা রয়েছে এবং সাইবার হামলা হলে কত দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব, তা খতিয়ে দেখা।
4
10
সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হওয়ার অভিযোগ সামনে এসেছে। অক্টোবর মাসে প্রায় ৩.৭৫ লক্ষ রেকর্ড ডার্ক ওয়েবে পাওয়া গিয়েছিল বলে জানা গিয়েছে।
5
10
এর মধ্যে ৩,৮৯৭টি রেকর্ডে গ্রাহকদের ব্যক্তিগত পরিচয় সংক্রান্ত তথ্য ছিল। এই ঘটনার পর RBI-র নজরদারি ও ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনা আরও বেড়েছে বলে সূত্রের দাবি।
6
10
সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে API-কে। API হল এমন একটি প্রযুক্তিগত ব্যবস্থা, যার মাধ্যমে ব্যাঙ্কের তথ্য বিভিন্ন মোবাইল অ্যাপ এবং তৃতীয় পক্ষের ফিনটেক সংস্থার সঙ্গে আদানপ্রদান করা হয়। এই ব্যবস্থায় দুর্বলতা থাকলে হ্যাকাররা অননুমোদিত লেনদেনের সুযোগ পেতে পারে।
7
10
সূত্রের খবর, RBI ইতিমধ্যে দুটি গোপন নির্দেশিকা জারি করেছে। ৩ নভেম্বরের নির্দেশিকায় ব্যাঙ্ক ও NBFC-র মধ্যে API-ভিত্তিক অর্থ স্থানান্তরের নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে, ১৬ নভেম্বরের নির্দেশিকায় নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানগুলির API নিরাপত্তা এবং পরিচালন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে।
8
10
এর আগে ৮ ও ৯ অক্টোবর মুম্বইয়ের দুটি NBFC-র ICICI ব্যাঙ্কে থাকা অ্যাকাউন্ট থেকে ৭০০-র বেশি অননুমোদিত লেনদেনের মাধ্যমে প্রায় ২ মিলিয়ন ডলার উধাও হওয়ার অভিযোগ ওঠে।
9
10
ঋণ বিতরণের নির্দেশ পাঠানোর কাজে ব্যবহৃত API-তে হানা দিয়েই এই জালিয়াতি করা হয়েছিল বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
10
10
তবে RBI-র এই তৎপরতাকে আতঙ্কের কারণ হিসেবে দেখছেন না ব্যাঙ্কিং মহলের আধিকারিকরা। তাঁদের মতে, কোনও বড় সাইবার হামলার আগেই নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় সতর্কতা নেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।