ডিটারজেন্ট থেকে জল, সবই মেশানো হয় দুধে, ভেজাল দুধ চিনবেন কীভাবে? বাড়িতেই করুন সহজ ৬ পরীক্ষা
নিজস্ব সংবাদদাতা
১৬ নভেম্বর ২০২৬ ১৯ : ৩১
শেয়ার করুন
1
9
সকাল শুরু হোক এক কাপ চা দিয়ে কিংবা এক গ্লাস দুধে, ভারতীয় পরিবারের নিত্যদিনের খাদ্যতালিকায় দুধের গুরুত্ব অপরিসীম। শিশু থেকে বয়স্ক, প্রায় সব বয়সের মানুষের খাদ্যতালিকাতেই কোনও না কোনও ভাবে জায়গা করে নেয় এই পানীয়। কিন্তু প্রতিদিন যে দুধ কিনে বাড়িতে আনছেন, তা আদৌ বিশুদ্ধ তো?
2
9
দুধে জল মেশানো থেকে শুরু করে ডিটারজেন্ট, স্টার্চ কিংবা অন্যান্য রাসায়নিকের ভেজাল, নানা ধরনের অভিযোগ সামনে আসে। এবার দুধের দামও বাড়ায় স্বাভাবিকভাবেই বাড়ছে সাধারণ মানুষের চিন্তা।দাম বাড়লেও দুধের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। দুধে ভেজাল রয়েছে কি না, তা বোঝার জন্যফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-এর DART উদ্যোগে কয়েকটি সাধারণ ঘরোয়া পরীক্ষার কথা বলা হয়েছে।
3
9
১. দুধে জল মেশানো রয়েছে কি না বুঝবেন কীভাবে? একটি পরিষ্কার, মসৃণ ও সামান্য ঢালু জায়গায় এক ফোঁটা দুধ ফেলুন। বিশুদ্ধ দুধ সাধারণত ধীরে গড়িয়ে পড়ে এবং পিছনে সাদা দাগ রেখে যায়। অন্যদিকে, দুধে বেশি পরিমাণে জল মেশানো থাকলে তা দ্রুত গড়িয়ে পড়তে পারে এবং সাদা দাগ তুলনামূলক কম থাকে।
4
9
২. ডিটারজেন্ট মেশানো দুধ চিনবেন কীভাবে?একটি পাত্রে ৫-১০ মিলিলিটার দুধ নিন। তার সঙ্গে সমপরিমাণ জল মিশিয়ে ভালো করে ঝাঁকান। যদি প্রচুর ফেনা তৈরি হয় এবং দীর্ঘক্ষণ তা থেকে যায়, তাহলে ডিটারজেন্ট মেশানোর সম্ভাবনা থাকতে পারে। বিশুদ্ধ দুধেও কিছু ফেনা তৈরি হয়, তবে তা সাধারণত পাতলা হয়।
5
9
৩. দুধে স্টার্চ রয়েছে কি না পরীক্ষা করুন অল্প পরিমাণ দুধ নিয়ে তাতে কয়েক ফোঁটা আয়োডিন দিন। যদি দুধের রং নীল হয়ে যায়, তাহলে তাতে স্টার্চ থাকার সম্ভাবনা রয়েছে।
6
9
৪. দুধের গন্ধ ও রং খেয়াল করুনবিশুদ্ধ দুধের স্বাভাবিক গন্ধ ও রং থাকে। দুধে অস্বাভাবিক গন্ধ, রঙের পরিবর্তন কিংবা দলা পাকানোর মতো লক্ষণ দেখা গেলে সতর্ক হওয়া প্রয়োজন। এগুলি দুধ নষ্ট হওয়ার লক্ষণও হতে পারে।
7
9
৫. দুধের ঘনত্ব ও গঠন লক্ষ্য করুন, দুধে অস্বাভাবিক পিচ্ছিল ভাব, অতিরিক্ত ফেনা কিংবা অস্বাভাবিক গঠন দেখা গেলে সন্দেহ হতে পারে। বিশেষ করে দুধ গরম করার পর তার গন্ধ ও গঠনে কোনও অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে কি না, সেদিকে নজর রাখুন।
8
9
৬. প্যাকেটের সিল ও মেয়াদ পরীক্ষা করুনপ্যাকেটজাত দুধ কেনার সময় প্যাকেটের সিল ঠিক রয়েছে কি না, উৎপাদনের তারিখ এবং ব্যবহারের শেষ তারিখ দেখে নিন। প্যাকেট ফুটো বা ক্ষতিগ্রস্ত হলে সেই দুধ না কেনাই ভাল। দুধ কেনার পর দ্রুত ফ্রিজে রাখুন এবং প্যাকেটে দেওয়া সংরক্ষণের নির্দেশ মেনে চলুন।
9
9
তবে মনে রাখতে হবে, এই ঘরোয়া পরীক্ষাগুলি কেবল প্রাথমিকভাবে কিছু ভেজালের উপস্থিতি সম্পর্কে ধারণা দিতে পারে। এগুলি দিয়ে দুধ সম্পূর্ণ বিশুদ্ধ বলে নিশ্চিত হওয়া যায় না। দুধের গুণমান সম্পর্কে নিশ্চিত হতে প্রয়োজন অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষা। তাই প্রতিদিনের খাবারের গুরুত্বপূর্ণ এই উপাদানটি কেনার সময় যেমন সতর্ক থাকা প্রয়োজন, তেমনই তার সংরক্ষণের বিষয়টিও মাথায় রাখা জরুরি।