বলিউডের জনপ্রিয় থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’র কাহিনি ভোলার নয়‌। ২০১২ সালে সুজয় ঘোষের পরিচালনায় বিদ্যা বালান অভিনীত ‘কাহানি’ ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এরপর এর সিক্যুয়েলও আসে। এবার এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি অর্থাৎ ‘কাহানি ৩’ নিয়ে বড় তথ্য সামনে এসেছে।

শোনা যাচ্ছে, এই নতুন ছবিটিতে বিদ্যা বালানের জায়গায় মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ইয়ামি গৌতমকে। তবে এটি আগের ছবিগুলোর কোনও সরাসরি ধারাবাহিক বা সিক্যুয়েল নয়। বরং ‘কাহানি’র চেনা জগতের মধ্যেই সম্পূর্ণ নতুন একটি গল্প ও চরিত্র নিয়ে তৈরি হবে এই ছবি।

সবচেয়ে বড় খবর হল, এই ছবির হাত ধরে পরিচালক সুজয় ঘোষ আবারও ‘কাহানি’র দুনিয়ায় ফিরছেন। তাঁর পরিচালনাতেই চিত্রনাট্য সাজানো হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। নির্মাতা দল শুটিংয়ের তারিখ ও শিডিউল চূড়ান্ত করার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর আগে কলকাতার প্রেক্ষাপটে তৈরি হয়েছিল 'কাহানি'র গল্প। এবারও শুটিংয়ের কাজে কলকাতায় আসার কথা পরিচালকের। 'কাহানি ৩'-এও কি তিলোত্তমা-যোগ থাকবে? তা যদিও এখনও পর্যন্ত খোলসা নয়।

ইয়ামি গৌতম এর আগেও বেশ কিছু ছকভাঙা কাজ করেছেন। সুজয় ঘোষের নিখুঁত নির্দেশনা এবং ইয়ামির অভিনয়—সব মিলিয়ে ছবিটি বপর্দায় এক অন্যরকম রোমাঞ্চ তৈরি করবে বলেই মনে করছেন অনুরাগীরা।