বাংলা কমিকস পড়েন অথচ সুযোগ বন্দ্যোপাধ্যায়ের নাম জানেন না, এ যেন অনেকটা বইপাড়া অঞ্চলের বাসিন্দা হয়ে কফি হাউজ না চেনার মতো।  ২০০৬ সালে প্রথমবার একটি ছোটদের পত্রিকায় তাঁর সৃষ্ট রাপ্পা রায় কমিকস চরিত্রটি আবির্ভূত হয়েই এক লহমায় ছোট -বড় সব বয়সী পাঠকের মন জয় করে নিয়েছিল। তারপর আর দুঃসাহসিক অ্যাডভেঞ্চার থামেনি এই কার্টুনিস্ট-সাংবাদিকের। এরপর গত বছর  কমিকসের পাতা থেকে রুপোলি পর্দায় হাজির হয়েছে রাপ্পা! গত ডিসেম্বরেই সুযোগ বন্দ্যোপাধ্যায়ের ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ মুক্তি পেয়েছে প্রেক্ষেগৃহে। এই প্রথম বাংলা কমিক্সের কোনও নায়ক পূর্ণদৈর্ঘ্যের ফিচার ফিল্মে আবির্ভূত হল। এদিন ২৬ জুলাই সেই 'রাপ্পা'র সৃষ্টিকর্তা কাটলেন তাঁর ৪৮তম জন্মদিনের কেক। এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েই ক্ষান্ত হননি পর্দার 'রাপ্পা রায় এবং টনি ঘোষাল', বরং যৌথভাবে রেখেছেন একটি বড়সড় আবদার। শুনল আজকাল ডট ইন। 

 

বড়পর্দায় রাপ্পা হিসেবে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেতা অর্পণ ঘোষাল। আজকাল ডট ইন-কে নিজস্ব ছন্দে অর্পণ বললেন, " সুযোগদাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা, ভালবাসা। ব্যক্তিগতভাবেও জানিয়েছি, আপনাদের মাধ্যমে আরও একবার জানালাম। সুযোগদাকে খুব কাছ থেকে দেখেছি বলেই জানি, ওঁর মধ্যে একটা দুর্দান্ত গল্পকার লুকিয়ে রয়েছে। সুযোগদার ক্যামেরা সেন্স দুর্দান্ত। পর্দার 'রাপ্পা' অর্পণ ঘোষাল জানান, 'সুযোগদা'র চমৎকার ক্যামেরা সেন্স ও গল্প বলার সাবলীল ক্ষমতা রয়েছে। তাই তাঁর জোরালো দাবি, সুযোগ যেন এবার নিজেই রাপ্পার পরবর্তী ছবি পরিচালনা করেন। শুধু তাই নয়, রাপ্পা ছাড়াও সুযোগ বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য জনপ্রিয় কমিক্স চরিত্র—যেমন 'কলম্বাস' বা 'রেডি-স্টেডি-গো'-কে একসঙ্গে নিয়ে একটি বিশাল 'সুযোগ-ইউনিভার্স' তৈরি করার দাবিও জানান তিনি। আর তাতে অবশ্যই 'রাপ্পা-টনি' হিসেবে যেন তিনি ও দেবাশিস-ই থাকে। অভিনেতার কথায়, "জমে যাবে কিন্তু।  জন্মদিনে সুযোগদার কাছে আমার এটাই আবদার।"

 
অভিনেতা দেবাশিস রায়-এর গলাতেও খানিক সেই সুর -" দেখুন, কমিকস তৈরি করা ছাড়াও গান লেখা, সুর দেওয়া, ছবির চিত্রনাট্য লেখার ব্যাপার-স্যাপারগুলো যে সুযোগদা বেশ ভাল -ই সামলান তা অনেকেই জানেন। ক্যামেরার পিছনেও কিন্তু সুযোগদা যথেষ্ট ভাল। খুব চাই, রাপ্পা-টনিকে নিয়ে যেন একটি ছবি সুযোগদা পরিচালনা করেন। আমার বিশ্বাস, তা যথেষ্ট ভাল হবে। ওঁকে ব্যক্তিগতভাবেও এই আবদার আমি একাধিকবার জানিয়েছি। আজ জন্মদিনে আরও একবার জানালাম। সঙ্গে আমার প্রণাম ও ভালবাসা। আশা করি, পরিচালক সুযোগ বন্দ্যোপাধ্যায়ের তরফে একটি ফোন কল খুব তাড়াতাড়ি আমি পাব। "


এ প্রসঙ্গে আজকাল ডট ইন-কে সুযোগ বন্দ্যোপাধ্যায় বলেন, “হ্যাঁ, ওঁরা দু'জনেই আমাকে জন্মদিনের শুভেচ্ছা করার পাশাপাশি এই আবদার রেখেছে। এতদিন রাপ্পাকে কমিক্সের দু'মলাটের মধ্যে এনেছি। এবার বড়পর্দায় আনব। এবং ব্যাপারটা নিয়ে কিন্তু আমি অত্যন্ত সিরিয়াস। এক প্রযোজকের সঙ্গে ইতিমধ্যেই আমার প্রাথমিক কথাবার্তা হয়ে গিয়েছে। বাকিটা...দেখা যাক। ”  খানিক থেমে শিল্পী আরও সংযোজন, " আর একটা কথা জানিয়ে রাখি, আমার পরিচালনাতেও রাপ্পা-টনি হিসেবে কিন্তু এই দু'জন অভিনেতা-ই থাকবেন। আমার সাফ কথা, গোয়েন্দার চরিত্রাভিনেতা বদলাব না। বদলাব না তাঁর সহকারীও।তবে হ্যাঁ, রাপ্পার বাবার চরিত্রে আমরা শান্তিলাল মুখোপাধ্যায়কে দেখেছি। তিনি যথেষ্ট ভাল অভিনেতা। তবে আমার ইচ্ছে সেই ভূমিকায় বিশ্বজিৎ চক্রবর্তীকে কাস্ট করা। আর এর থেকে আর বেশি কিছু বলব না..." বলতে বলতে হেসে ওঠেন 'বার্থডে বয়'।

সুযোগ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে এই আবদার ও তাঁর ইতিবাচক ঘোষণায় বাংলা কমিক্স ও চলচ্চিত্র প্রেমী মহল যে খুশিই হবে তা বলাই বাহুল্য।