শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র সঙ্গে গুজরাট টাইটানসের হাড্ডাহাড্ডি লড়াই। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন বিরাট কোহলি। চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাটপত্নী অনুষ্কা ছিলেন দর্শকাসনে৷ বিরাটের খেলা দেখে অনুষ্কা এমন কাণ্ড করলেন যে মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিও, ধেয়ে এল কটাক্ষ
কোহলি মাত্র ৪৪ বলে ৮১ রান করেন৷ শুরুতে উইকেট পড়লেও সেই ধাক্কা সামলে দলকে জয়ের পথে এগিয়ে রাখেন বিরাট৷ শুরুতেই জ্যাকব বেথেল আউট হয়ে গেলেও, দ্রুত পরিস্থিতি সামলে নেন দেবদত্ত পাডিক্কল ও কোহলি। ২০৬ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে দু'জনে মাত্র সাত ওভারে দলকে ৭০/১-এ পৌঁছে দেন।
গুজরাটের অধিনায়ক শুভমন গিল আক্রমণ করার জন্য রশিদ খানকে মাঠে নামান। কিন্তু কোহলি একটি শর্ট বলকে দারুণভাবে পুল করে ছক্কা হাঁকান। সেই শটেই গ্যালারিতে উপস্থিত অনুষ্কা শর্মার উচ্ছ্বাস নেটিজেনদের নজর কাড়ে। বিরাটের সাফল্যে উচ্ছ্বসিত অনুষ্কা নাচতে শুরু করেন৷ আর সেই মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তাঁর নাচা ও চিৎকার করে উল্লাস প্রকাশ করার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে।
সমাজমাধ্যমে এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নানারকম মন্তব্য এসেছে৷ একজন ভক্ত লিখেছেন, “অনুষ্কার এই রিঅ্যাকশনটাই এখন আমাদের মনের কথা।” আরেকজন বলেন, “বিরাটের সবচেয়ে বড় চিয়ারলিডার।” আবার কেউ লিখেছেন, “ভিরুষ্কা মুহূর্ত কখনও পুরনো হয় না।” এমনকি একজন মজা করে মন্তব্য করেছেন, “এই জন্যই তো আমরা ইন্টারনেট বিল দিই!”
বিরাট কোহলি অনুষ্কা শর্মার প্রথম দেখা হয় ২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের শুটিংয়ে। এরপরই তাঁদের প্রেম শুরু হয় এবং প্রায় চার বছর সম্পর্কের পর ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির টাস্কানিতে তাঁরা বিয়ে করেন। বর্তমানে এই তারকা দম্পতির দুই সন্তান—ভামিকা ও আকায়। তাঁদের সুখী দাম্পত্যের ছবি ভিডিও বিভিন্ন সময় নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে৷
















