সংবাদসংস্থা, মুম্বই: কটাক্ষের শিকার তামিল সুপারস্টার বিজয় সেতুপতি! জানুয়ারিতেই মুক্তি পেতে চলেছে তাঁর "মেরি ক্রিসমাস" ছবিটি। এই মুহূর্তে অভিনেতা ব্যস্ত ছবির প্রচারে। তার মধ্যেই অভিনেতার পুরনো একটি সাক্ষাৎকার আবারও শিরোনামে। কী এমন বলেছিলেন অভিনেতা?
একটা সময় ছিল যখন নিজের চেহারা, উপস্থিতি নিয়ে বিব্রত হতেন বিজয়। ইন্ডাস্ট্রির বিভিন্ন অনুষ্ঠান, গেট-টুগেদারে এবং মিটিংয়ে নাকি "চপ্পল" পরেই রওনা হতেন তিনি। সেই সময় প্রায়শই কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে । অভিনেতার কথায়, ""ম্যায় আইসা হি থা, বডি শেমিং বহত কিয়া থা মুঝে।"" তবে সময় বদলেছে। নিজ গুণেই অনুরাগীদের মনের মানুষ হয়ে উঠেছেন তিনি। আর আজ তিনি যেখানেই যান না কেন, সাদরে তাঁকে গ্রহণ করেন সকলেই। সেই প্রসঙ্গে অভিনেতার মত,  ""এই যে আমাকে গ্রহণ করা হয়, এটা আশীর্বাদ। আমার দর্শকদের ধন্যবাদ, আমাকে এভাবেই মেনে নেওয়ার জন্য। আমি এতটাও আশা করিনি।""
অভিনেতা যোগ করেছেন, কখনও তিনি তাঁর পোশাক সম্পর্কে অতিরিক্ত সচেতন থাকতেন। স্বাচ্ছন্দ্য অনুযায়ী পোশাক পরতেন। কিন্তু লোকে ভাবতেন তিনি শো অফ করছেন। "চপ্পল পড়লেই কী নিজেকে সাধারণ প্রমাণ করা যায়? এরকম মন্তব্যও ধেয়ে এসেছে তাঁর দিকে। এই সব সমালোচনায় প্রভাবিত হতেন বিজয়। সেই সময় কোনও অনুষ্ঠানে গিয়ে যদি দেখতেন সকলে নিখুঁত ভাবে সেজে হাজির হয়েছেন। তিনি নিজের শরীর, পোশাক, লুক নিয়ে অতিরিক্ত সচেতন হয়ে পড়তেন। এবং এইভাবেই একটা সময় অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। কখনওই নিজেকে বদলে ফেলে সিক্স প্যাক তৈরি করার কথা ভাবেননি।
বলিউডে জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন "বিক্রম" অভিনেতা। তাঁর কথায়, ""অনুরাগীদের থেকে যে ভালবাসা পেয়েছি তাতে মনে হয় আমার সিদ্ধান্ত সঠিক ছিল। "
১২ জানুয়ারি, ২০২৪, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে "মেরি ক্রিসমাস।" এই ছবিতে ক্যাটরিনা কইফের সঙ্গে জুটি বেঁধেছেন বিজয়।