সংবাদ সংস্থা মুম্বই: গত সোমবার সাড়া জাগিয়ে মুক্তি পেল 'বেবি জন' ছবির প্রথম ঝলক। এবং সেই ঝলকের ভিডিও দেখে তোলপাড় নেটপাড়া। ছবির সামান্য ঝলকের ভিডিওতেই যে দুর্ধর্ষ অ্যাকশন দেখা গিয়েছে তাতেই হইচই শুরু হয়েছে নেটপাড়ায়৷ ছবিতে বরুণের স্টাইল, লুকেরও তারিফ শুরু হয়েছে নেটিজেনদের মুখে। এই হইচই-এর আবহে এল এই ছবি নিয়ে নয়া খবর। বিখ্যাত হলি-তারকা তথা ডব্লিউডব্লিউই তারকা ডোয়েন ‘দ্য রক’ জনসনের সঙ্গে যোগসূত্র রয়েছে এই ছবির! কীভাবে জানেন?

 

ছবির একটি নয়া পোস্টার মুক্তি পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে দু'হাতে অস্ত্র নিয়ে সামান্য তেরছাভাবে দাঁড়িয়ে রয়েছেন বরুণ। পোস্টারে অনাবৃত উর্ধাঙ্গ পেশীবহুল চেহারার সঙ্গে কালোরাঙা লুঙ্গি পরা বরুণের এই ছবি দেখেই নেটমাধ্যমে উঠেছে শোরগোল। বলি-তারকার সুঠাম শরীরী ভাষার সঙ্গেই 'দ্য রক'-এর আশ্চর্য মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা। আসলে, বছর কয়েক আগে হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' ছবির স্পিন অফ 'হবস অ্যান্ড শ' মুক্তি পেয়েছিল। ওই ছবির পোস্টারে 'রক'কে দেখা গিয়েছিল অনাবৃত উর্ধাঙ্গে এবং হাতে অস্ত্র নিয়ে। নিমাঙ্গে হলি-তারকার পরনে ছিল লাভালাভা, এক ধরনের লুঙ্গির মতো পোশাক যা সামওয়ান জনগোষ্ঠীরা পরে থাকেন। বরুণ যেহেতু এই হলি-তারকার অন্ধ ভক্ত, তাই ওই পোস্টার থেকেই অনুপ্রাণিত হয়ে 'বেবি জন'-এর পোস্টারের জন্য এই ফটোশুট করেছেন তিনি। তবে এই প্রথম নয়। এর আগে 'রক'-এর বুকে যেমন ট্যাটু করা হয়েছে তার-ই অনুরূপ একটি 'টেম্পোরারি ট্যাটু' নিজের বুকে করিয়েছিলেন বরুণ। 'হাম্পটি শর্মা কী দুলহানিয়া' ছবির 'স্যাটারডে স্যাটারডে' গানের বরুণের সেই লুক দেখা গিয়েছিল।

 

 

প্রসঙ্গত, 'বেবি জন'-এর ঝলকের ভিডিওতে বরুণের দু'টি অবতার ফুটে উঠেছে। দৃঢ়চেতা, ভয়ডরহীন পুলিশ অফিসার এসিপি সত্য বর্মা এবং এক মারমুখী, নৃশংস এক ব্যক্তি যার দুষ্কৃতীদের মারতে হাত কাঁপে না। ঝলক থেকে ইঙ্গিত পাওয়া গেল এক দৃঢ়চেতা, ন্যায়নিষ্ঠা মেনে চলা পুলিশ ব্যক্তিগত প্রতিশোধ নিতে পরিণত হয়েছে এক দুর্দমনীয়, নৃশংস, আইন-না-মানা ব্যক্তিত্বে। দেখা গেল প্রধান খলচরিত্রের ভূমিকায় থাকা জ্যাকি শ্রফকে। একেবারে অন্য লুকে, ঠান্ডা গলার স্বরে জ্যাকিকে সংলাপ আউড়াতে দেখে মুগ্ধ ছবি-সমালোচকেরাও। কীর্তি সুরেশকে দেখা গেল বেবি জন’-এর স্ত্রী হিসাবে। বিশেষ একটি চরিত্রে যে থাকছেনঅভিনেত্রী ওয়ামিকা গাব্বি, স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল তারও। পরতে পরতে টানটান থ্রিল থাকার পাশাপাশি বন্দুকের কানফাটানো আওয়াজ, আগুনের লেলিহান শিখা, ঝলকে ঝলকে রক্ত-সবমিলিয়ে বেবি জনদেখে উত্তেজনার পারদ চড়েছে দর্শকের মধ্যে।