নেটপাড়ায় এখন জোর চর্চা, থালাপতি বিজয় এবং তৃষা কৃষ্ণনের সম্পর্কের সমীকরণ কি তবে বদলে গেল? সম্প্রতি বিজয় ৫২ বছরে পা রাখলেন, কিন্তু এই বিশেষ দিনে তৃষার নীরবতা ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। গত চার বছর ধরে নিয়মিত সমাজমাধ্যমে বিজয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তৃষা। তবে এবার সেই চেনা ছবি আর দেখা যায়নি। শুধু জন্মদিনের শুভেচ্ছা জানানোই নয়, ইনস্টাগ্রামে বিজয়কে 'আনফলো' করেছেন তিনি!
বিজয় এখন কেবল সুপারস্টার নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও বটে। নির্বাচনের দিন বিজয়ের বাড়িতে তৃষার উপস্থিতি এবং এর আগে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার ফলে তাঁদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছিল। এমনকী বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তৃষা। রাজনীতির ময়দানে বিজয়ের উত্থান এবং ব্যক্তিগত জীবনে তাঁর সঙ্গে তৃষার ঘনিষ্ঠতা নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত ছিল না।
সূত্রের খবর, এই দূরত্বের নেপথ্যে হয়তো বিজয়ের পারিবারিক পরিস্থিতি। শোনা যাচ্ছে, সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে বিজয় নাকি তাঁর স্ত্রী সঙ্গীতার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন। সেই কারণেই কি তৃষার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে? যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত সরাসরি কোনও মন্তব্য করেননি বিজয় বা তৃষা কেউই। সোশ্যাল মিডিয়ায় তৃষার এই আচমকা ‘আনফলো’ করা এবং জন্মদিনের শুভেচ্ছা না জানানোর ঘটনাটি কি কেবলই কাকতালীয়, নাকি কোনও অভিমানের বহিঃপ্রকাশ? উত্তর খুঁজছেন দর্শক ও নেটিজেনরা। এই নীরবতা যেন সেই জল্পনাকেই আরও উসকে দিচ্ছে।
















