বলিউডের বহুল আলোচিত ও দীর্ঘদিন ধরে আটকে থাকা পিরিয়ড ড্রামা ‘তখত’- নিয়ে অবশেষে মুখ খুললেন পরিচালক করণ জোহর। বহু জল্পনা-কল্পনার পর তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে ছবিটি তাঁর পরিকল্পনা থেকে পুরোপুরি বাতিল হয়নি, তবে এই মুহূর্তে সেই ছবি নিয়েও কাজ শুরু করারও কোনও পরিকল্পনা নেই।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে করণ বলেন, ‘তখত’ ছবিটিকে ঘষেমেজে কোনও বিকল্প প্রজেক্ট তৈরি হচ্ছে না। তবে ছবিটি তাঁর পরিকল্পনার তালিকা থেকে বাদও পড়েনি। বরং তিনি এটিকে নিজের কেরিয়ারের অন্যতম শক্তিশালী চিত্রনাট্য বলে উল্লেখ করেছেন। লেখক সুমিত রায়-এর কাজের প্রশংসা করে করণের দাবি, এটি তাঁর পরিচালিত ছবিগুলোর মধ্যে সবচেয়ে পরিণত এবং দুরন্ত লেখা, যা তিনি একদিন অবশ্যই পর্দায় নিয়ে আসতে চান।

উল্লেখযোগ্যভাবে, ২০২০ সালে ঘোষণা করা হয়েছিল করণের এই উচ্চাকাঙ্ক্ষী পিরিয়ড ড্রামার। প্রথম ঘোষণাতেই নজর কেড়েছিল তার তারকাবহুল কাস্ট—রণবীর সিং, আলিয়া ভাট, করিনা কাপুর খান, ভিকি কৌশল জাহ্নবী কাপুর এবং অনিল কাপুরকে নিয়ে। ছবিটির মুক্তির লক্ষ্য ছিল ২০২১ সালের বড়দিন। কিন্তু পরবর্তী সময়ে ছবিটি নিঃশব্দে ধর্মা প্রোডাকশনের ছবির তালিকা থেকে থেকে সরে যায়।

কী কারণে এই প্রজেক্ট থমকে গেল, সে বিষয়ে বিস্তারিত না বললেও করণ স্বীকার করেছেন, একাধিক জটিলতা এর পিছনে কাজ করেছে। তবে তাঁর কথায় স্পষ্ট, প্রজেক্টটি ‘স্থগিত’, ‘সমাপ্ত’ নয়।

মুঘল জমানার প্রেক্ষাপটে নির্মিত এই ছবির গল্প আবর্তিত হয়েছে মুঘল সাম্রাজ্যের দুই গুরুত্বপূর্ণ চরিত্র দারা শিকো এবং ঔরঙ্গজেব-এর ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে। রাজনৈতিক টানাপোড়েন, পারিবারিক সংঘাত এবং সিংহাসনের লড়াই, সব মিলিয়ে ‘তখ্‌ত’কে একটি বিস্তৃত ও জটিল বয়ানের ছবি হিসেবে ভাবা হয়েছিল। ঘোষণার সময় মুক্তি পাওয়া টিজারে রাজকীয় সিংহাসনের প্রতীকী উপস্থিতিই ইঙ্গিত দিয়েছিল ছবির পরিসর কতটা বড় হতে চলেছে।

মাঝখানে রণবীর সিংয়ের মার্কেট ভ্যালু প্রায় মাটিতে থেকে গেলেও বর্তমানে ধুরন্ধর-এর মাধ্যমে তাঁর আকাশছোঁয়া সাফল্যের পর আবারও ‘তখ্‌ত’ নিয়ে আগ্রহ বেড়েছে দর্শক মহলে। তারই মধ্যে করণের এই বক্তব্য নতুন করে আশাবাদী করে তুলেছে অনুরাগীদের একটি বড় অংশকে।

এই মুহূর্তে ছবিটির শুটিং বা কাস্ট নিয়ে নতুন কোনও ঘোষণা না থাকলেও, নির্মাতার ইঙ্গিত স্পষ্ট -সুযোগ এবং সময় মিললেই ‘তখত’ আবার ফিরে আসবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ততদিন পর্যন্ত, বলিউডের এই উচ্চাভিলাষী প্রজেক্টটি রইল ঠিক সময়ের অপেক্ষায়।