বলিউডের অন্যতম গ্ল্যামারাস দম্পতি মৌনী রায় এবং সূরয নাম্বিয়ার কি আলাদা হয়ে যাচ্ছেন? তিক্ত বিবাহবিচ্ছেদ হতে চলেছে তাঁদের? গত কয়েকদিন ধরে নেটপাড়ায় এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। একে অন্যকে সোশ্যাল মিডিয়ায় ‘আনফলো’ করা থেকে শুরু করে বিয়ের ছবি মুছে ফেলা— সব মিলিয়ে মৌনীর দাম্পত্যে বড়সড় ভাঙনের ইঙ্গিত পাচ্ছেন অনুরাগীরা।
এর উপর জল্পনার আগুনে ঘি ঢেলেছে সমাজমাধ্যম থেকে সূরয নাম্বিয়ারের আচমকা অন্তর্ধান। যা এহেন পরিস্থিতিতে যথেষ্ট রহস্যজনক। দেখা যাচ্ছে, সূরয তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি বর্তমানে ‘ডিঅ্যাক্টিভেট’ করে দিয়েছেন। তাঁর প্রোফাইলে গেলেই দেখাচ্ছে, “দুঃখিত, এই পেজটি আর উপলব্ধ নয়”। শুধু তাই নয়, প্রোফাইল ডিলিট করার আগেই নেটিজেনরা লক্ষ্য করেছিলেন যে, সূরয তাঁর প্রোফাইল থেকে মৌনীর সঙ্গে বিয়ের সমস্ত ছবি হয় মুছে ফেলেছেন অথবা ‘আর্কাইভ’ করে দিয়েছেন।
মৌনী রায়ের সবথেকে কাছের বন্ধু অভিনেত্রী দিশা পাটানি। বিভিন্ন পার্টি থেকে শুরু করে বিদেশের ট্যুর— সব জায়গায় মৌনী-সূরযের সঙ্গে দেখা যেত দিশাকে। কিন্তু অবাক করার মতো বিষয় হল, সূরযের প্রোফাইল ডিলিট হওয়ার আগেই দিশা তাঁকে ‘আনফলো’ করে দিয়েছিলেন। প্রিয় বন্ধুর স্বামীর সঙ্গে দিশার এই দূরত্ব বিচ্ছেদের জল্পনাকে আরও জোরালো করেছে।
দু’জনের এই দূরত্বের খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা সূরযের কমেন্ট বক্সে ভিড় জমিয়েছিলেন। একজন লিখেছেন, “দয়া করে বলবেন না যে আপনাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আপনারা দুজনে শিব-পার্বতীর মতো। নিজেদের সমস্যা মিটিয়ে এক হয়ে যান।” অন্য একজন সরাসরি প্রশ্ন করেছিলেন, “বিয়ের ছবি ডিলিট করলেন কেন? তবে কি ডিভোর্স নিশ্চিত?”
২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ার সমুদ্রসৈকতে মালায়ালি ও বাঙালি প্রথা মেনে ধুমধাম করে বিয়ে করেছিলেন এই জুটি। চার বছর কাটতে না কাটতেই সেই সংসারে কেন অশান্তির ছায়া, তা নিয়ে দু’জনেই মুখে কুলুপ এঁটেছেন।
ব্যক্তিগত জীবনে যাই চলুক না কেন, কাজের ময়দানে মৌনী এখন অত্যন্ত ব্যস্ত। তাঁর হাতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট -
দ্য ওয়াইভস: মধুর ভাণ্ডারকরের এই ছবিতে সোনালি কুলকার্নি এবং রেজিনা ক্যাসান্দ্রার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মৌনীকে।
হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়: ডেভিড ধাওয়ানের এই রোমান্টিক ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে কাজ করছেন তিনি। এতে পূজা হেগড়ে এবং শ্রীলীলাও রয়েছেন।















