সংবাদ সংস্থা মুম্বই: এইমুহুর্তে জোর চর্চায় অভিনেতা গোবিন্দা। নয়ের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা ছিলেন তিনি। তবে চলতি শতকের প্রথমার্ধেই উল্কার গতিতে পতন দেখা যায় তাঁর কেরিয়ারে। এবং তা এতটাই যে গত ২৪ বছরে বলিপাড়ায় হাতে গোনা মাত্র কয়েকটি ছবিতেই দেখা গিয়েছে গোবিন্দাকে। শেষবার বড়পর্দায় হাজির হয়েছেন 'হিরো নম্বর ওয়ান' তাও হয়ে গেল বছর পাঁচেক। একসময় যে বলি-নায়কের হাতে পরপর ছবি ছিল তাঁর কেরিয়ারে কেন আজ এই হাল?

 

এই প্রসঙ্গে বিখ্যাত বলি-বিশেষজ্ঞ এবং ট্রেড অ্যানালিস্ট কোমল নাহতা জানিয়েছিলেন, গোবিন্দার কুসংস্কার তাঁর পতনের মূল কারণ। পরিচালক-প্রযোজক পহেলাজ‌ নিহলানি জানান, কোনও মতবাদ, কারও কথায় চট করে বিশ্বাস করে নেওয়ার স্বভাবের ফলে অভিনেতার আজ এই হাল

 

এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কোমল নহতা বলেন, " এত কুসংস্কারগ্রস্থ গোবিন্দা যে বলার নয়। হস্তরেখাবিদ থেকে শুরু করে জ্যোতিষীদের পরামর্শ শুনে আজ গোবিন্দার কেরিয়ার তলানিতে। ওদের কথা শুনে গোবিন্দা চলত। সেই অনুযায়ী ঠিক করত কী কী করবে আর করবে না। একটা ঘটনা বলি। ছোটপর্দায় একটি গেম শো সঞ্চালনা করার সময় সেটে হাজির সমস্ত কলাকুশলী থেকে শুরু করে দর্শকের পকেটে কোনও পেন থাকবে না, এই ঘোষণা জারি করে দিয়েছিল গোবিন্দা! কেন? না, কোন এক জ্যোতিষী তাকে জানিয়েছিল পেন থেকে নাকি বিপদ আছে গোবিন্দার। তাই ওই ঘোষণা। বুঝুন!"

 

পহেলাজ নিহালানি আবার বলেছিলেন, "এই কুসংস্কারের জন্য গোবিন্দা বড্ড বাড়াবাড়ি শুরু করেছিল। এত বিশ্বাস করত এসবে... এমন শুরু করল যে সপ্তাহের কোনও নির্দিষ্ট দিনে কোনও নির্দিষ্ট রঙের পোশাক পরবে না, সেটে কোনও অভিনয় করবে না। এমনকি, বাকিদেরও ওর সামনে সেদিন ওই রঙের পোশাক পরে না আসার ঘোষণা করে দিল। এরকম হাজারটা সমস্যা সৃষ্টি করত গোবিন্দা। সবাই বিরক্ত হত। এরকম করেই নিজের কেরিয়ারে বারোটা বাজাল..."