বছর ঘোরার আগেই শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক! সমাজমাধ্যমে বেশ চর্চায় থাকলেও শেষ হচ্ছে সান বাংলার ধারাবাহিক 'রূপমতী'। রূপকথার গল্পকে কেন্দ্র করে এগিয়েছিল এই মেগা। ধারাবাহিকের বিভিন্ন মোড়ে থাকত একের পর এক চমক। সেই সঙ্গে নতুন চরিত্রদেরও দেখা যেত। 

কিন্তু জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি শেষ দিনের শুটিং হয়ে গিয়েছে এই মেগার। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র 'রূপমতী' হিসেবে দেখা গিয়েছিল অভিনেত্রী জয়িতা সান্যালকে। এটাই ছিল তাঁর নায়িকা হিসেবে প্রথম ধারাবাহিক। যদিও এর আগে তাঁকে দর্শক দেখেছিলেন বিভিন্ন মেগার পার্শ্বচরিত্রে। জয়িতার নায়কের চরিত্রে ছিলেন অভিনেতা অয়ন ঘোষ। গল্পে তাঁর চরিত্রের নাম ছিল 'দেবদত্ত'। 

অয়ন ও জয়িতাকে নায়ক-নায়িকার চরিত্রে প্রথমবার দেখেও দর্শকমহল দারুণ ভালবাসা দিয়েছে। তাঁদের মেগায় রূপকথার বিভিন্ন গল্প ও নানা চরিত্রদের দেখে বেশ পছন্দ করেছিলেন নেটিজেনরা। শুধু তাই-ই নয়, সোশ্যাল মিডিয়াতেও এই ধারাবাহিক ঘিরে চর্চা হত। 

বাংলা ধারাবাহিকের এআই ও গ্রাফিক্সের ব্যবহার মাঝেমধ্যেই হয়। তবে এই মেগার শুটিংয়ের বেশিরভাগ অংশই হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। কারণ, রূপকথার রাজ্যে দর্শককে পৌঁছে দিতে চ্যানেল কর্তৃপক্ষ একটুও কমতি রাখেনি। 

'রূপমতী' শেষের খবর প্রকাশ্যে আসার পাশাপাশি জানা যাচ্ছে, সান বাংলার আরও একটি ধারাবাহিকের সময়ে বদল আসছে। জানা যাচ্ছে, 'ভালবাসার রং রুট' ধারাবাহিকটি আগামী ১৫ জুলাই থেকে ৮:৪৫-এ দেখা যাবে। গল্পে রেহান ও রূপাইয়ের জীবনেও আসছে নতুন মোড়। কী হতে চলেছে সেই ধারাবাহিকের আগামী পর্বে সেটাই দেখার। অন্যদিকে, 'রূপমতী'র শেষ দৃশ্যে কী দেখা যাবে, সেটা নিয়েও এখন চর্চা চলছে।