টিআরপি তালিকায় সেরা ১০ এ না থাকলেও গল্পের চমকে বারংবার দর্শকদের মন জিতেছে 'শুভ বিবাহ' ধারাবাহিকটি। এবার গল্পে যে নতুন মোড় আসতে চলেছে, তাতে যে সেই একই ধারা বজায় থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না। 

সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'শুভ বিবাহ' ধারাবাহিকের নতুন যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, সুধা নতুন ফন্দি এঁটেছে নকল তেজের আসল পরিচয় ফাঁস করার জন্য। সুধা নকল তেজের সামনে গিয়ে জানতে চায় তার মনে আছে কিনা যে কী ঘটেছিল তাদের গায়ে হলুদের দিন। সুধা তাকে আরও উসকে দিয়ে বলে, তেজ নাকি বাড়ির সবাইকে লুকিয়ে বিয়ের দিন সকালে তার সঙ্গে দেখা করতে এসেছিল। আর নায়িকার পাতা এই ফাঁদে পা দেয় নকল তেজ। 

নকল তেজ সুধার কথা সত্যি মনে করে বলে ফেলে হ্যাঁ, তার মনে আছে সব। সে বাড়ির সবাইকে লুকিয়ে গিয়েছিল সুধার সঙ্গে দেখা করতে। নায়িকার পরনে সুন্দর একটা হলুদ শাড়ি ছিল। এটা শুনে সুধা হেসে ফেলে। তারপর বলে, তেজ ঠাম্মির শিক্ষায় মানুষ। তাই সে এরম কোনও কাজ করবে না। বাড়ির সবাইকে লুকিয়ে বা বাড়ির সবার অমতে বিয়ের দিন সকালে তার সঙ্গে দেখা করতে যেত না। এও জানায় পরিচয় নকল করে এই বাড়িতে এলেও, সুধাকে তেজ বলে ভোলানো যাবে না। সে এই নকল তেজের কথা প্রথমদিনই বুঝে গিয়েছিল। 

প্রসঙ্গত, সুধা ভাবে রেশমির বিয়ের দিনই নকল তেজের পর্দা ফাঁস করবে সে। যদি প্রস্থেটিক মেকআপ করে কেউ তেজ সেজে থাকে তাহলে জল দিলে তো সেটার উপর কোনও না কোনও প্রতিক্রিয়া হবেই, এই ভেবেই কাজটা করেই ফেলে সে। সুধা রেশমির গায়ে হলুদের জল ইচ্ছে করে ঢেলে দেয় নকল তেজের গায়ে। সবাই অবাক হলেও তেজ কিন্তু মুখ লুকিয়ে ফেলে। সুধা বারবার জল মুছে দিতে চাইলেও কিছুতেই নিজের মুখ দেখাতে চায় না তেজ। তবে কি সুধার সন্দেহই ঠিক? নকল তেজ সেজে কে এসে রয়েছে বসু মল্লিক বাড়িতে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। আপাতত প্রোমো দেখেই সত্যিটা জানার জন্য  দারুণ উত্তেজিত দর্শক মহল।

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'শুভ বিবাহ' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয় রোজ। এটি প্রতিদিন রাত সাড়ে ১০টা থেকে দেখা যায়। মুখ্য ভূমিকায় রয়েছেন হানি বাফনা এবং সোনামণি সাহা।