সৃজিত মুখোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য জুটি আবারও ফিরতে চলেছে। সমস্যা মিটিয়ে তাঁরা একত্রে কাজ করতে চলেছে পরিচালকের আগামী ছবিতে। তার আগে আজকাল ডট ইনের সঙ্গে আড্ডায় অনির্বাণকে নিয়ে কী বললেন সৃজিত মুখোপাধ্যায়?
এদিন অনির্বাণ ভট্টাচার্যর নেতিবাচক দিক সম্পর্কে বলতে গিয়ে সৃজিত মুখোপাধ্যায় বলেন, "ওর খারাপ গুণ নিয়ে যদি বলি, আমাকে যেটা মাঝে মধ্যে ফ্রাস্ট্রেট করে, সেটা হল ও বড্ড জেদি এবং খুব গোঁয়ার। মানে একবার যদি ও ভেবে নেয় যে, 'না এটা কিন্তু এটা', তারপর সে তুমি যাই বলো ও ওখান থেকে নড়বে না। মানে আমি পাতার পর পাতা লিখে যাচ্ছি, ফোনের পর ফোন হচ্ছে, কিন্তু শেষে বলবে, 'না ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু,....।' সেটা মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেটিং লাগে, চুল ছিঁড়তে ইচ্ছে করে। আবার কখনও কখনও ওর এই জিনিসটা থেকে আমি শিখি। আমি বিষয়টা মেটানোর চেষ্টা করছিলাম, কিন্তু তার মাঝে দেখলাম ও ওর প্রিন্সিপালের ব্যাপারে এত স্পষ্ট, এবং অনড় সেটা প্রশংসনীয়। শেখার মতো। কখনও ওর সঙ্গে একমত না হলেও, ওর এই জিনিসটার জন্য আমি ওকে ভালবাসি। কিন্তু ক্রিয়েটিভ জায়গায় বিষয়টা খুব বিরক্তিকর হয়ে দাঁড়ায়।"
অন্যদিকে অনির্বাণ জানান তাঁরা যখন একসঙ্গে কাজ করেন খুব মজা হয়। তিনি সৃজিত মুখোপাধ্যায়ের খারাপ দিক নিয়ে মুখ খোলেননি। তাঁর মতে একটা মানুষের ভাল, খারাপ দুই দিকই থাকবে। সবটাই গ্রহণ করতে হবে।
সৃজিতের আসন্ন ছবি ‘কুইন ভিক্টোরিয়া এবং গোয়েন্দা কানাইচরণ’-এ অভিনয়ের পাশাপাশি একটি বিশেষ চমক রয়েছে। এই ছবির গানের সুর তৈরি করছেন খোদ পরিচালক সৃজিত নিজেই, আর সেই গানে কণ্ঠ দিয়েছেন অভিনেতা অনির্বাণ!
উল্লেখ্য, ‘কুইন ভিক্টোরিয়া এবং গোয়েন্দা কানাইচরণ’ ছবিতে গোয়েন্দার ভূমিকায় পর্দায় হাজির হবেন যিশু সেনগুপ্ত। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইধিকা পাল, টোটা রায়চৌধুরী, অনুজয় চট্টোপাধ্যায়, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়-সহ একাধিক পরিচিত মুখকে। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘ক্যামেলিয়া প্রোডাকশন’।
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'উইঙ্কেল টুইঙ্কেল' ছবিটি ৪ সেপ্টেম্বর, শিক্ষক দিবসের প্রাক্কালে মুক্তি পাবে। এছাড়া পুজোয় আসছে তাঁর 'এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র' ছবিটি। অন্যদিকে অনির্বাণ ভট্টাচার্যকে আগামীতে 'দেশু ৭' ছবিতে দেখা যাবে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।
















