সংবাদ সংস্থা মুম্বই: শাহরুখ খান, সলমন, প্রভাস কিংবা রজনীকান্ত নন। এইমুহুর্তে ভারতীয় সিনেমার সবথেকে 'দামি' তারকা দক্ষিণী তারকা থালাপতি বিজয়। তাঁর আগামী ও ফিল্মি কেরিয়ারের শেষ ছবি 'থালাপতি ৬৯'-এর জন্য ২৭৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি!
বহু বছর ধরেই দক্ষিণী তারকাদের মধ্যে অগ্রগণ্য বিজয়। দেখার মতো তাঁর জনপ্রিয়তা। তাঁর অভিনীত ছবি মানেই হাসতে হাসতে বক্স অফিসের ১০০ কোটির ক্লাবের সদস্য। মার্শাল’, ‘থুপাক্কি’, ‘মাস্টার’ এবং ‘লিও’র মতো সুপারহিট ছবিতে বিজয়কে দেখেছেন দর্শক। ৪৯ বছরের এই অভিনেতার নাচেও মাতোয়ারা অনুরাগীরা।
এহেন ফিল্মি কেরিয়ার ছেড়ে রাজনীতির ময়দানে পা বাড়াচ্ছেন থালাপতি।
চলতি বছর লোকসভা ভোটের প্রাক্কালে থালাপতি বিজয় ঘোষণা করেছিলেন তাঁর রাজনৈতিক দলের নাম। বিজয় তাঁর দলের নাম রেখেছেন ‘তামিলাগা ভেটরি কাজাগম’। অভিনেতার লক্ষ্য ২০২৬-এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। অভিনেতার ঘনিষ্ঠ মহলের দাবি, আগামী দিনে অনুরাগীদের কথা মাথায় রেখে তামিলনাড়ুর বাইরে কেরল ও কর্নাটকেও সংগঠন গড়তে সক্রিয় বিজয়।
ফলে 'থালা'র শেষ ছবি দেখতে যে তাঁর অনুরাগীদের উত্তেজনার পারদ ইতিমধ্যেই তুঙ্গে, তা বলার অপেক্ষা রাখে না।
