নব্বই দশকের শিশুদের কাছে আসল আকর্ষণ ছিল 'সোন পরী', 'শারারাত' বা 'শাকা লাকা বুম বুম'-এর মতো শো-গুলো। এই শো-গুলোর শিশু শিল্পীদের স্মৃতি এখনও অমলিন। এমনই একজন হলেন 'সোন পরী'র 'ফ্রুটি' ওরফে তানভি হেগড়ে।
'ছোট্ট' তানভির বয়স এখন ৩৪ বছর। এখন অভিনয় থেকে দূরে তিনি। লাইমলাইটের বাইরে গিয়ে তিনি এখন জীবনকে নিজের মতো করে উপভোগ করছেন। ২০০০ সালে মাত্র ৯ বছর বয়সে তানভি 'সোন পরী'তে অভিনয় শুরু করেন এবং টানা ৬ বছর এই চরিত্রে কাজ করে সবার মন জয় করে নেন। অনেকগুলো বিজ্ঞাপন ও মারাঠি সিনেমায় কাজ করার পর তিনি হঠাৎ বিরতি নেন। ২০২৫ সালে নিজের ফেলে আসা দিনগুলো নিয়ে কথা বলতে একটি ইউটিউব চ্যানেল খুললেও মাত্র চারটি ভিডিওর পর তা বন্ধ করে দেন।
অভিনয় জীবন নিয়ে তিনি একটি ভিডিওতে বলেছিলেন, “যখন আমরা সোন পরীর শুটিং শুরু করি, আমি তখন চতুর্থ শ্রেণিতে পড়ি, আমার বয়স ছিল আট বা নয়। আর যখন শো শেষ হল, আমি তখন দশম শ্রেণিতে। আমি তো শুটিং সেটেই বড় হয়েছি। তিন বছর বয়স থেকে আমি অভিনয় করছি, তখন শুধু অভিনয়টুকুই জানতাম।”
ছোটবেলায় তিনি মনে করতেন সব বাচ্চার জীবন বুঝি এমনই হয়, কিন্তু পরে বুঝতে পারেন ওটা ছিল একটা বড় দায়িত্ব। তবে শুটিং সেটের সবাইকে তিনি নিজের পরিবারের মতো মনে করতেন। অভিনয় কেন ছেড়ে দেওয়ার প্রসঙ্গে তানভি জানান, তিনি আসলে অভিনয় ছেড়ে দেননি, শুধু একটা বিরতি নিয়েছেন। ছোটবেলা থেকে কাজ করার চাপে তিনি স্কুলের অনুষ্ঠান, বন্ধুদের সঙ্গে আড্ডা বা পিকনিক, এসব কিছুই করতে পারেননি। তাই ডিজনি শো 'ব্রেক টাইম মাস্তি টাইম'-এর পর তিনি বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন।
তাঁর কথায়, “আমি সেই আট-ন'বছর বয়সী তানভির কাছে ফিরে যেতে চেয়েছিলাম, যে স্কুল আর কলেজের দিনগুলো উপভোগই করতে পারেনি।”
অভিনয় থেকে এই বিরতিকে তিনি নিজেকে নতুন করে চেনার সুযোগ হিসেবে দেখছেন। ক্যামেরার বাইরে এখন তিনি প্রচুর বই পড়েন, ভিডিও গেম খেলেন আর ঘুরে বেড়ান। তানভি জানান, ফুটবল, গান আর রেসিংয়ের প্রতিও তাঁর দারুণ আগ্রহ রয়েছে।















