'ঘূর্ণি'র দাপটে স্লট হারিয়েছে 'রাঙামতী তীরন্দাজ'। তাতে কী, গল্পে আসছে জোর চমক। আগেই আজকাল ডট ইনের তরফে জানানো হয়েছিল ধারাবাহিকে নতুন মুখ হিসেবে এন্ট্রি নিতে চলেছেন তথাগত মুখোপাধ্যায়। এবার জানা গেল রাঙামতীর মেয়ে হিসেবেও এই ধারাবাহিকে আসছেন এক জনপ্রিয় নায়িকা। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে মাসাইমারা জঙ্গল রয়েছে রাঙা। তাকে গাইড করছেন তথাগত মুখোপাধ্যায়। রাঙা নিজেকে নিজে কথা দেয় যে সে এই জঙ্গলের কোনও পশুর ক্ষতি হতে দেবে না। ঘুম পাড়ানি তীর ছুঁড়ে রক্ষা করে একটি সিংহকে। আর সেই সময়ই তথাগত তাকে প্রশ্ন করে যে তার দেশে ফিরতে ইচ্ছে করে না? মেয়ের কথা মনে পড়ে না? এরপরই দেখা যায় রাঙামতীর মেয়ে এখন বড় হয়ে গিয়েছে। আর সেই চরিত্রে এন্ট্রি নিলেন সোমু সরকার। 

সোমু সরকার অভিনীত চরিত্রটা তার মায়ের মতো লক্ষ্যে অবিচল থাকে। দূর থেকে হলেও কখনও গুলি ছোঁড়ায় টার্গেট মিস করে না। কিন্তু সমস্যা একটাই। সে দুষ্কৃতীদের  হয়ে কাজ করে। তাকে এক নেতাকে গুলি করার বরাত দেওয়া হয়। কিন্তু রাঙা এসে মেয়ের লক্ষ্যভ্রষ্ট করে দেয়। এবার মা, মেয়ের প্রতিদ্বন্দ্বিতা কোনদিকে বাঁক নেয় সেটাই দেখার। 

https://www.instagram.com/reels/DXjA9BkDTDe/

প্রসঙ্গত, দর্শক সোমু সরকারকে 'গোধূলি আলাপ', 'আলোর কোলে' ইত্যাদির মতো ধারাবাহিকে দেখা গিয়েছে। এবার তিনি নতুন রূপে নতুন ভূমিকায় এই ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন। অন্যদিকে তথাগত মুখোপাধ্যায়কে এই ধারাবাহিকে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে। তিনি মূলত আদিবাসীদের নিয়েই কাজ করেন। তার সঙ্গে রাঙামতী কীভাবে জুড়ল, দুজনের কী সম্পর্ক সেটা আগামীতে বোঝা যাবে। 

এই বিষয়ে এও জানিয়ে রাখা ভাল, 'ঘূর্ণি' ধারাবাহিকের স্লট ঘোষণা হওয়ার পরই অনেকে ভেবেছিলেন 'রাঙামতী' ধারাবাহিকটি বুঝি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু পরবর্তীতে জানা যায় এটি শেষ হচ্ছে না, বরং সময় বদলে যাচ্ছে। আগামী ২৭ এপ্রিল থেকে 'রাঙামতী তীরন্দাজ' সন্ধ্যা সাড়ে ৭ টার বদলে রাত ১১ টা থেকে দেখা যাবে। এই ধারাবাহিকে নাম ভূমিকায় আছেন মনীষা মণ্ডল। আগে টিআরপি তালিকায় সেরা পাঁচ, এমনকী কখনই কখনও প্রথম স্থানে থেকেছে এই ধারাবাহিক। কিন্তু এখন অনেকটাই নিচে নেমে গিয়েছে 'রাঙামতী'।