বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর আবারও নতুন চমক নিয়ে বড় পর্দায় ফিরতে চলেছেন। তাঁর আসন্ন ছবি 'ইথা' (Eetha) নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল আগ্রহ। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই শ্রদ্ধার নতুন লুক ও চরিত্র নিয়ে শুরু হয়েছে আলোচনা।
‘ইথা’ ছবিতে শ্রদ্ধাকে দেখা যাবে একেবারে অন্যরকম চরিত্রে। জানা যাচ্ছে, ছবিটি মহারাষ্ট্রের বিখ্যাত লোকশিল্পী ভিঠাবাই নারায়ণগাওংকর ( Vithabai Narayangaonkar)-এর জীবন থেকে অনুপ্রাণিত। ভিঠাবাইয়ের জীবন ছিল সংগ্রাম, প্রতিভা ও সাফল্যের মিশ্র গল্প। তাঁর জীবনের আবেগ, লড়াই এবং শিল্পের প্রতি ভালবাসাই ছবির মূল বিষয়।
প্রথম ঝলকে শ্রদ্ধার চরিত্রে গ্ল্যামার নয়, একজন শিল্পীর জীবনের কঠিন বাস্তবতাও ফুটে উঠবে। বিশেষ করে চরিত্রের জন্য তাঁর প্রস্তুতি ও রূপান্তর দর্শকদের নজর কেড়েছে। ছবিটি পরিচালনা করেছেন লক্ষণ উতেকর৷ ‘ইথা’-তে শ্রদ্ধার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রণদীপ হুডা, মহম্মদ জিসান আয়ুব৷
শ্রদ্ধার শেষ বড় সাফল্য ছিল 'স্ত্রী ২’ (Stree 2)। সেই ছবির পর তাঁর নতুন কাজ নিয়ে ভক্তদের প্রত্যাশা আরও বেড়েছে। ‘ইথা’-র মাধ্যমে তিনি দেখালেন বাণিজ্যিক এবং সিরিয়াস দুই ধরনের চরিত্রেই তিনি সাবলীল৷ ছবিটি ২০২৬ সালের ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘ইথা’ শুধু একটি বায়োপিক নয়, এটি এক শিল্পীর স্বপ্ন, লড়াই ও পরিচয়ের গল্প। শ্রদ্ধার নতুন অবতার দর্শকদের কতটা মুগ্ধ করে, এখন সেটাই দেখার অপেক্ষা।















