শিঙাড়া বিক্রি করতেন শাহরুখ! বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan)-এর জীবনের এমন এক অজানা অধ্যায় সামনে এল, যা শুনে অবাক ভক্তরা। আজ তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা হলেও ছোটবেলায় তাঁর জীবন ছিল সংগ্রামে ভরা৷ প্রবীণ অভিনেতা পঙ্কজ কাপুর (Pankaj Kapur) সম্প্রতি এক পুরনো স্মৃতি শেয়ার করে জানিয়েছেন, ছোট্ট শাহরুখ একসময় ন্যাশানাল স্কুল অফ ড্রামা (NSD)-র ক্যান্টিনে কাজ করতেন৷ 

পঙ্কজ কাপুর জানিয়েছেন, ১৯৭০-এর দশকে তিনি এনএসডি-র ছাত্র ছিলেন। সেই সময় একটি ছোট ছেলেকে প্রায়ই সেখানে দেখতে পেতেন। সেই ছেলেটি আর কেউ নয়, ছোট বয়সের শাহরুখ খান। তখন তাঁর বয়স ছিল প্রায় ১০ বছর।

 ক্যান্টিনের কাজের সূত্রে তিনি NSD-তে আসতেন এবং ছাত্রদের কাছে খাবার, বিশেষত শিঙাড়া  পৌঁছে দিতেন টেবিলে টেবিলে৷  

পঙ্কজ কাপুরের কথায়, শাহরুখের পরিবারের কোনও সদস্য NSD-র ক্যান্টিন চালাতেন। সেই সূত্রেই ছোট শাহরুখের থিয়েটার জগতের মানুষের সঙ্গে পরিচয় তৈরি হয়েছিল। পরবর্তীতে শাহরুখ নিজেও জানিয়েছিলেন, তাঁর শৈশবের একটা বড় অংশ দিল্লির থিয়েটার মহলের মানুষদের কাছাকাছি কেটেছে। NSD-র শিল্পীদের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলেও একাধিকবার বলেছেন কিং খান৷ 

আজকের সুপারস্টার শাহরুখ খানের সাফল্যের গল্প অনেকের কাছেই অনুপ্রেরণার। দিল্লির সাধারণ জীবন থেকে উঠে এসে তিনি বলিউডে রাজত্ব করছেন৷ তাঁর প্রথম বড় পরিচিতি আসে টেলিভিশন সিরিয়াল 'ফৌজি'-এর মাধ্যমে, এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ভারতীয় সিনেমার বাদশা৷ 
পঙ্কজ কাপুরের এই স্মৃতিচারণ আবারও মনে করিয়ে দিল, একসময় যে ছেলে থিয়েটারের মানুষদের শিঙাড়া পৌঁছে দিতেন, সেই শাহরুখই আজ কোটি হৃদয়ের তারকা৷