আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

 


দিল্লিতে পুরনো বাড়ি কিনলেন শাহরুখ 

বলিউডের বাদশা শাহরুখ খান আবারও ফিরলেন তাঁর স্মৃতির ঠিকানায়। প্রায় ৩৭ কোটি টাকা খরচ করে দিল্লির পঞ্চশীল পার্কে সেই বাড়িটিই সম্পূর্ণভাবে নিজের নামে কিনে নিলেন, যেখানে ১৯৯১ সালে গৌরী খানের সঙ্গে বিয়ের পর প্রথম সংসার শুরু করেছিলেন। এতদিন বাড়িটির বেসমেন্ট ও প্রথম তলার মালিক ছিলেন শাহরুখ। এবার দ্বিতীয় ও তৃতীয় তলাও কিনে নেওয়ায় পুরো সম্পত্তির একমাত্র মালিক হলেন তিনি। এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর সংগ্রামের দিন, প্রেম আর বিবাহিত জীবনের অসংখ্য স্মৃতি। তাই এই কেনাকাটা শুধু একটি রিয়েল এস্টেট চুক্তি নয়, বরং আবেগে ভরা এক বিশেষ প্রত্যাবর্তন বলেই মনে করছেন অনুরাগীরা। শাহরুখের এই সিদ্ধান্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।

পরিবারের সকলকে নিয়ে ১০০ কোটির বাংলোয় থাকবেন আমির গৌরী? 

আমির খান ও গৌরী স্প্র্যাটের নতুন সংসার নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বলিউডে। সূত্রের খবর, বিয়ের পর এই দম্পতি মুম্বইয়ের প্রায় ১০০ কোটি টাকার পারিবারিক বাংলোয় থাকতে পারেন। শুধু আমির ও গৌরী নন, ওই বাড়িতেই থাকবেন অভিনেতার মা জিনাত হুসেন, ছেলে জুনাইদ খান, ছেলে আজাদ এবং দুই বোনও। জানা গিয়েছে, পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে থাকার ইচ্ছাতেই এই সিদ্ধান্ত। সম্প্রতি বাংলোটির সংস্কারের কাজও শেষ হয়েছে বলে খবর। যদিও এই বিষয়ে আমির খান বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে আমির-গৌরীর নতুন জীবনের ঠিকানা নিয়ে।


বিতর্কের মাঝে অক্ষয়ের সঙ্গে ছবি পোস্ট করলেন রাজপাল 

চেক বাউন্স মামলায় দিল্লি হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখার পর প্রথমবার ইনস্টাগ্রামে পোস্ট করলেন অভিনেতা রাজপাল যাদব। তবে আইনি বিতর্ক নয়, তাঁর পোস্টে উঠে এল আসন্ন ছবি 'হেরা ফেরি ৩'-এর শুটিংয়ের মুহূর্ত। ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে হাসিখুশি মেজাজে দেখা যায় রাজপালকে। ক্যাপশনে তিনি লেখেন, বহু প্রতীক্ষিত এই ছবির অংশ হতে পেরে তিনি উচ্ছ্বসিত। আইনি জটিলতার মধ্যেও অভিনেতার এই পোস্ট অনুরাগীদের নজর কেড়েছে। অনেকেই মন্তব্যে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন, আবার অনেকে 'হেরা ফেরি ৩'-এর মুক্তির অপেক্ষার কথাও জানিয়েছেন। ব্যক্তিগত বিতর্কের মাঝেও কাজকেই যে তিনি প্রাধান্য দিচ্ছেন, সেই বার্তাই যেন স্পষ্ট হয়েছে এই পোস্টে।