বলিউড বাদশা শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ছবি ‘কিং’ নিয়ে সামনে এল এক চোখ কপালে ওঠার মতো তথ্য। ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ছবি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে এই ফিল্ম। রিপোর্ট অনুযায়ী, ছবির প্রচারের খরচ বাদ দিয়েই শুধুমাত্র মেকিং বাজেট দাঁড়িয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা!

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, ছবিটির শুরুটা কিন্তু এমন বিশাল স্কেলে হওয়ার কথা ছিল না। ‘কিং’ মূলত একটি ছোট বাজেটের চেনা ঘরানার অ্যাকশন থ্রিলার হিসেবেই পরিকল্পিত হয়েছিল, যা পরবর্তীতে বলিউডের অন্যতম বড় ক্যানভাসে রূপ নেয়।

কিং ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক বা বিগ-স্ক্রিন ডেবিউ হতে চলেছে শাহরুখ-কন্যা সুহানা খানের । প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এই ছবিটি পরিচালনা করার কথা ছিল সুজয় ঘোষের। চিত্রনাট্য অনুযায়ী, সুহানাই ছিলেন ছবির মূল কেন্দ্রবিন্দু এবং শাহরুখ খানের সেখানে স্রেফ একটি ‘এক্সটেন্ডেড ক্যামিও’ বা বিশেষ বর্ধিত চরিত্রে অভিনয় করার কথা ছিল।

আসলে, প্রজেক্টে ব্লকবাস্টার পরিচালক সিদ্ধার্থ আনন্দ যুক্ত হওয়ার পরেই বদলে যায় ছবির পুরো খোলনলচে। অ্যাকশন ঘরানার মাস্টারমাইন্ড সিদ্ধার্থের এন্ট্রি হতেই ছবিটির স্কেল এবং বাজেট এক ধাক্কায় আকাশছোঁয়া হয়ে ওঠে। কিং-এর চিত্রনাট্য ও ভিজ্যুয়ালকে আন্তর্জাতিক মানের রূপ দিতে সিদ্ধার্থ আনন্দকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার ছাড়পত্র বা ‘ফ্রি হ্যান্ড’ দিয়ে দেন কিং খান নিজে। ফলে ক্যামিও চরিত্র থেকে সরে এসে শাহরুখ নিজেই এখন দীপিকার সঙ্গে কো-লিড হিসেবে পুরো অ্যাকশনের হাল ধরেছেন।

 

 

৩৫০ কোটি টাকার এই মেগা বাজেট নিয়ে ‘কিং’ এখন ভারতীয় সিনেমার সবচেয়ে দামি ছবিগুলোর এলিট ক্লাবে ঢুকে পড়েছে। বলিউডের সাম্প্রতিক কিছু বিগ-বাজেট ছবির তালিকায় ওঁর অবস্থান ঠিক কোথায়, দেখে নেওয়া যাক:

রামায়ণ: প্রায় ৮৩৫ কোটি টাকা (দুই ভাগে তৈরি হবে )

কল্কি ২৮৯৮ এডি: প্রায় ৬০০ কোটি টাকা

আদিপুরুষ: প্রায় ৬০০ কোটি টাকা

ব্রহ্মাস্ত্র (পার্ট ১): প্রায় ৪১০ কোটি টাকা

কিং : প্রায় ৩৫০ কোটি টাকা (প্রচার ব্যয় ব্যতীত)

টাইগার ৩: প্রায় ৩০০ কোটি টাকা

‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর ঐতিহাসিক সাফল্যের পর শাহরুখ খান যে আবারও এক বিশাল বাজেটের মারকাটারি অ্যাকশন স্পেকট্যাকল নিয়ে বক্স অফিসে সুনামি আনতে চলেছেন, তা এই বাজেটের বহর দেখেই স্পষ্ট। ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা এই ছবি সুহানা খানের কেরিয়ারের জন্য যেমন এক অগ্নিপরীক্ষা, তেমনই সিদ্ধার্থ-শাহরুখ জুটির ‘পাঠান’-এর পর দ্বিতীয় ধামাকা দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব।