সংবাদ সংস্থা মুম্বই: শাহরুখ খান যা করেন সেটাই হয়ে যায় খবর। কিছু না করলেও তা নিয়েও শুরু হয় জোর চর্চা। এবারে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে 'বাদশা'। কেন? নিজের কাঁধ ছাপানো একঢাল চুল কাটিয়ে ফেলেছেন 'কিং খান'! সম্পূর্ণ নয়া অবতারে একটি অনুষ্ঠানের মঞ্চে ধরা দিলেন তিনি।

 

কালো রঙের পোশাক, মাথায় রঙমিলান্তি টুপি। আর সেই টুপির নীচ থেকে বেরিয়ে আসছে ছোট করে ছাঁটা চুল। গালে অবশ্য দু-চারদিনের হাল্কা স্টাবল্ যত্ন করে রাখা।

শাহরুখ খানের এই নয়া লুকের ছবি প্রকাশ্যে আসতেই তা নিমেষে সমাজমাধ্যমে হয়েছে ভাইরাল। আর হবে নাইই বা কেন? গত এক বছর ধরে ক্রমাগত দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল শাহরুখের চুল। লম্বা চুলে কখনও বান বেঁধে, কখনও বা অ্যাফ্রো লকস্ বেঁধে নানান কায়দায় চুলের স্টাইলে দেখা গিয়েছে বলি-তারকা। তাই শাহরুখের এই নয়া অবতার দেখে জল্পনা ছড়িয়েছে 'কিং' ছবির জন্যেই সম্ভবত এই নতুন চুলের ছাট দিয়েছেন তিনি। 

 

তার উপর আবার পরেছেন টুপি! শাহরুখ এমনিতেই টুপি পরতে খুব একটা পছন্দ করেন না। তার মানে কি অনেকটাই চুল কাটিয়ে ফেলেছেন তিনি? স্পাইকস্ না কি মোহওক- কোনও ধরনের হেয়ারকাট করলেন 'বাদশা'? প্রশ্ন উঠেছে সেটি নিয়েও। তবে একটি বিষয় গোটা নেটপাড়া একমত। তা হল, এই নতুন কায়দার চুলের ছাঁটে বরাবরের মতো ভীষণ 'স্মার্ট' লাগছে শাহরুখ খানকে। কোনও কোনও নেটিজেনদের মতে, "বয়স যেন এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে!" 

 

১৯৯৪ সালের ডিজনির অ্যানিমেশন ফিল্ম ‘দ্য লায়ন কিং’-এর গল্প অনুযায়ী তৈরি হয়েছিল সমনামী লাইভ অ্যাকশন ছবি। ‘দ্য লায়ন কিং’-এর এই রিমেকের হিন্দি ভার্সনে 'মুসাফা'র চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ খান এবং 'সিম্বা'র গলায় শোনা গিয়েছিলেন আরিয়ানকে।এবার মুক্তি পেতে চলেছে ‘দ্য লায়ন কিং’-এর প্রিক্যুয়েল 'মুসাফা'।

 

এই ছবিতে ফের একবার গমগমে কণ্ঠ দিয়ে প্রেক্ষাগৃহ মাতিয়ে রাখতে চলেছেন শাহরুখ।এই ছবিতে নিজের ভরাট কণ্ঠস্বর শোনানোর পাশাপাশি 'মুসাফা'র সৌজন্যে শাহরুখের দুষ্টু-মিষ্টি গলার আওয়াজও দিব্যি টের পাবেন দর্শক। মুসাফা'তে কাজ করার প্রসঙ্গে শাহরুখ বলেছিলেন, "একজন বাবা হিসাবে 'মুসাফা'র সঙ্গে নিজের বড্ড মিল পাই আমি। তাই এরকম চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার অভিজ্ঞতা এককথায় দারুণ"।