অভিনেত্রী সাই পল্লবীর একটি সাক্ষাৎকার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে। সেই সাক্ষাৎকারে তিনি অভিনয় নিয়ে আপত্তি তুলেছেন। সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য এবং চুম্বনের দৃশ্যে অভিনয় করার বিষয় তাঁর দীর্ঘদিন ধরেই ঘোরতর আপত্তি ছিল৷ সেই আপত্তির কথাই  আবারও আলোচনায় উঠে এসেছে।

সাক্ষাৎকারে সাই পল্লবী জানান, একাধিক পরিচালক তাঁকে চুম্বনের দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি প্রতিবারই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তাঁর কথায়, এই সিদ্ধান্ত কোনওভাবেই কেরিয়ারের কথা ভেবে নেওয়া নয়, বরং সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে জড়িত।

অভিনেত্রীর মতে, তিনি যদি কোনও সম্পর্কে থাকেন, তাহলে অভিনয়ের জন্য প্রয়োজন হলেও অন্য কাউকে চুম্বন করতে তিনি স্বচ্ছন্দ বোধ করেন না। তাঁর বিশ্বাস, জীবনে একটি সুখী পরিবার, নিজের ঘর এবং মানসিক শান্তি অনেক বেশি প্রয়োজন৷ এগুলো অর্থ উপার্জনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই শুধুমাত্র বেশি পারিশ্রমিকের জন্য নিজের নীতির বিরুদ্ধে গিয়ে কোনও চরিত্রে অভিনয় করতে তিনি রাজি নন।

সাই পল্লবী আরও বলেন, তিনি যে ধরনের কাজের সুযোগ পান, তাতেই সন্তুষ্ট। তিনি চান মানুষ তাঁর অভিনয় দক্ষতার জন্য তাঁকে বেছে নিক, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য নয়। যদি কোনও পরিচালক মনে করেন যে ওই ধরনের দৃশ্য ছবির জন্য অপরিহার্য, তাহলে অন্য কোনও অভিনেত্রীকে নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা তাঁর রয়েছে। এই কারণে অভিনয়ের সুযোগ হাতছাড়া হলেও কোনও আপত্তি নেই বলেও জানান সাই পল্লবী।

পুরনো এই সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিস্তর আলোচনা। অনেকেই নিজের নীতিতে অটল থাকার জন্য সাই পল্লবীর প্রশংসা করেছেন। আবার কেউ কেউ সিনেমায় ব্যক্তিগত পছন্দ, শিল্পীর স্বাধীনতা এবং পেশাগত সিদ্ধান্ত নিয়ে ভিন্ন মতও প্রকাশ করেছেন।

যেহেতু সাই পল্লবী বলেছেন 'আমার প্রেমিক থাকলে আমি টাকার জন্য  অভিনয়ের প্রয়োজন হলেও অন্য কাউকে চুমু খাব না', তাই নেটিজেনদের একাংশের মন্তব্য প্রেমিক থাকলে টাকার জন্য চুমু খাবেন না আর যদি প্রেমিক না থাকে সেক্ষেত্রে চুমু খেতেই পারেন? 

এই বিতর্কের মধ্যেই আরও একবার স্পষ্ট হয়েছে, অভিনয় জগতে প্রত্যেক শিল্পী নিজের স্বাচ্ছন্দ্য, মূল্যবোধ এবং পেশাগত ভাবনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেন। আর সেই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত, যা সম্মান করা উচিত।