মর্মান্তিক বললেও কম বলা হয়। সুস্থ স্বাভাবিক অত্যন্ত বুদ্ধিমান, সপ্রতিভ এবং গুণী অভিনেতা আমাদের ভাই, তাঁর এইভাবে চলে যাওয়া। শুটিং করতে গিয়ে এই মৃত্যু অত্যন্ত উদ্বেগের৷ কেওড়াতলা মহাশ্মশানে দাঁড়িয়ে রয়েছি, বুম্বাদা কৌশিকদা অঙ্কুশ আরও অনেকে এসেছেন। দল মত নির্বিশেষে সকলে আছেন৷  কিন্তু এখনও এই খবর বিশ্বাস হচ্ছে না৷ 

এই সময়টা অত্যন্ত কঠিন। বেঁচে থাকতে গেলে শিরদাঁড়া সোজা রাখতে পারেন না অনেকে, কিন্তু আমাদের বাবিন আত্মসম্মানের সঙ্গে কখনও আপোষ করেনি। নিজের মতামত যুক্তি দিয়ে রাখত৷ সমাজ-রাজনীতি সব বিষয় অগাধ জ্ঞান ছিল৷ 

রাহুল এবং আমি দু'জনেই যখন স্ট্রাগল করেছি একসঙ্গে বহু সময় কাটিয়েছি৷ নিজের স্বার্থে যে মতামত বদলায় না এমন মানুষ এখন বিরল। 

রাহুলের মৃত্যুতে সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন রুদ্রনীল। তিনি বললেন শিল্পী কিংবা টেকনিশিয়ান কারও সুরক্ষার জন্য আলাদা কোনও বাজেট হয় না৷ নানাবিধ নিয়মনীতি আছে কিন্তু এই বিষয় কোনও বাজেট নেই৷ 

তালসারিতে যাঁরা গিয়েছিলেন তাঁদের একজনের সঙ্গে অন্যজনের বক্তব্য মিলছে না৷ আবার ময়নাতদন্ত রিপোর্টে আছে, এক ঘণ্টা নাকি জলের তলায় ছিল৷ 

যে হোটেলে রাহুল ছিল সেই হোটেলের কিছু মানুষ আমার চেনা৷ তাঁরা আমাকে জানালেন, এক ঘণ্টা রাহুল জলে ছিল না। উত্তাল সমুদ্র নয়, তালসারির সমুদ্র শান্ত৷ বালি আর মাটি মাখামাখি হয়ে কিছু খাড়ি থাকে৷ সেইখানে শুটিং হচ্ছিল৷ কেউ হয়তো কিছু লুকোবার চেষ্টা করছে৷ ছেলেটারই গাফিলতি ছিল বোঝাতে চাইছে কিন্তু আবারও বলছি ওটা সমুদ্র নয়, খাড়ি সরু নদীপথ৷ এখানে মাত্র দুটো নৌকা যাতায়াতের জায়গা থাকে৷ বিশাল চওড়া নয়৷ 

ড্রোন শট নেওয়ার সময় এই বিপত্তি ঘটে বলে শুনেছেন রুদ্রনীল৷ রুদেনীল বারবার বলেন রাহুলের সহ অভিনেতা অভিনেত্রীদের বয়ানে মিল নেই৷ তাই নির্দ্বিধায় বলা যায় কেউ কিছু ভুল তথ্য দিচ্ছেন৷ কড়া তদন্ত প্রয়োজন। নিরপেক্ষ তদন্ত দরকার।  

উদাসীনতার জন্য এই দুর্ঘটনাকে এড়িয়ে গেলে ভবিষ্যতে আবার এই ধরনের ঘটনা ঘটবে এমনটাই আশঙ্কা রুদ্রনীলের৷ 'যে কোনও শিল্পী, ভাই বোন আবার রাহুল হতে পারেন', আশঙ্কা প্রকাশ করে বলেন রুদ্রনীল। 

কার গাফিলতিতে এই দুর্ঘটনা তা জানা প্রয়োজন। আর্টিস্টদের তরফে যে আর্টিস্ট ফোরাম রয়েছে, টেকনিশিয়ানদের নিরাপত্তা দেখার জন্য যে ফেডারেশন রয়েছে তাঁদের নেতৃত্বে যাঁরা, তাঁদের উচিত কড়া পদক্ষেপ করা যাতে আর কেউ রাহুল না হয়। 


সিকিউরিটি বাজেট অবশ্যই করতে হবে৷ এবং এই ঘটনায় কার গাফিলতি সে কার ঘনিষ্ঠ বা কত প্রভাবশালী সেসব না দেখে অপরাধীকে চিহ্নিত করতেই হবে৷ সংবাদমাধ্যমের উদ্দেশেও রুদ্রনীল বলেন,  "আপনারা যারা মিডিয়ার বন্ধু তাঁরাও তো আমাদের সঙ্গে শুটিংয়ে যান৷ এই বিপদ তো আপনাদের উপরেও নেমে আসতে পারে৷ এই বিপদ থেকে বেরোতেই হবে৷ সত্যকে সামনে আনতেই হবে৷ ", জোরালো দাবি তুললেন রুদ্রনীল।