বিজেপি পশ্চিমবঙ্গে আসায় টলিপাড়ার একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন। শুধু বিজেপি ঘনিষ্ঠ তারকারাই নন, টলিউডের ঘাসফুল ঘনিষ্ঠ বহু তারকা বিজেপিকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন। টালিগঞ্জে অরূপ বিশ্বাসকে পরাজিত করে জয়ীর আসন পেয়েছেন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। এই আবহে উঠে আসছে টলিপাড়ার ব্যান কালচার নিয়েও আলোচনা।
সমাজমাধ্যমে এই আলোচনা উসকে ঋদ্ধি সেন লেখেন, 'টলিউড নতুন রাজনৈতিক দলের সাথে কতটা এবং কিভাবে ঘনিষ্ঠ হবে সেটা আরেকটু সময় পেরোলেই স্পষ্ট হয়ে যাবে তবে আপাতত যেটা ভাবতে ভালো লাগছে সেটা হলো বিদায় ‘তৃণউড’। সিনেমা এবং যেকোনো শিল্পমাধ্যমকে রাজনৈতিক দল থেকে বিচ্ছিন্ন রাখার প্রতিরোধ অব্যাহত থাকা উচিত।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)
ঋদ্ধি চিরকালই প্রতিবাদী। এবারও তাই তার অন্যথা হয়নি। ঋদ্ধির এই পোস্টে উঠে এসেছে মিশ্র প্রতিক্রিয়া।
প্রসঙ্গত, বহুদিন ধরেই টলিপাড়ায় কাজ করা নিয়ে 'রাজনৈতিক দাদাগিরি'র অভিযোগ রয়েছে। ফেডারেশনের অনুমতি ছাড়া শুটিং করলে, নানা অসুবিধার সম্মুখীন হতে হয় পরিচালক-প্রযোজকদের, সেই নিয়েও অভিযোগ রয়েছে ভূরি ভূরি। এবার কি তবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ছবি বদলাবে? টালিগঞ্জে জয়ী হয়ে পাপিয়া অধিকারী বলেন, "আমি স্বপ্নের টালিগঞ্জ গড়ব। আমরা সব পরিকল্পনা করে ফেলেছি, সব বলব। সব দিক থেকে কীভাবে টালিগঞ্জকে নতুনভাবে গড়ে তোলা যায় ব্যবস্থা করা হবে।"
তাঁর আরও সংযোজন, "টলিউডের শিল্পী কলাকুশলীরা কাজ করতে পারছেন না। আমার যে সব পরিকল্পনা রয়েছে সবাই কাজ করবে। আপনারা চপ ভাজুন, ঘুগনি বিক্রি করুন। ঝালমুড়ি বিক্রি করুন। আমরা কিনব তবে দেখে নেব কাঁকড় আছে কিনা। হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন তা ফেরত দিয়ে দেবেন। নাহলে কীভাবে ফেরত দিতে হয় জানা আছে।"
















