টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
উদয়পুর পাড়ি দিলেন বিজয়-রশ্মিকা
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের সম্পর্কের নাম দিলেন দক্ষিণী তারকা রশ্মিকা মন্দনা এবং বিজয় দেবরকোন্ডা।আনুষ্ঠানিক ঘোষণা না করলেও রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে আবেগঘন বার্তা শেয়ার করে নিজেদের বিয়ের খবর কার্যত নিশ্চিত করলেন এই জনপ্রিয় জুটি। তাঁদের বার্তায় স্পষ্ট, অনুরাগীরাই তাঁদের সম্পর্কের পরিচয় তৈরি করতে 'ভিরোশ’ নামটি দিয়েছিলেন। সেই কারণেই তাঁদের আসন্ন বিবাহকে তাঁরা নাম দিয়েছেন 'দ্য ওয়েডিং অফ ভিরোশ'। ভালবাসা ও সমর্থনের জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, এই যাত্রায় সবাই তাঁদের অংশ হয়ে থাকবেন। আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের ঐতিহ্যবাহী প্রাসাদ শহর রাজস্থানে উদয়পুরে ঘনিষ্ঠ পরিসরে বিয়ের অনুষ্ঠান হবে। পরে হায়দরাবাদে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য আলাদা রিসেপশন আয়োজনের পরিকল্পনাও রয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বিজয় এবং রশ্মিকা দু'জনেই উদয়পুর বিমানবন্দরে পৌঁছেছেন। যদিও তাঁরা একসঙ্গে ক্যামেরার সামনে ধরা দেননি, তবে একই সময়ে একই গন্তব্যে তাঁদের উপস্থিতি নেটিজেনদের মনে হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে। উদয়পুর বরাবরই রাজকীয় বিয়ের জন্য পরিচিত। বলিউড থেকে শুরু করে বড় ব্যবসায়িক পরিবার— অনেকেই এই শহরকে বেছে নেন তাঁদের জীবনের বিশেষ দিনটির জন্য। এবার পালা বিজয়-রশ্মিকার।
নতুন ভূমিকায় তমান্না
অভিনয় জীবনের দু'দশক পার করে এবার উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করলেন তমান্না ভাটিয়া। হিন্দি, তামিল এবং তেলুগু—তিন ইন্ডাস্ট্রিতেই দাপিয়ে বেড়ানোর পর তিনি নিয়ে এসেছেন নিজের জুয়েলারি ব্র্যান্ড। পুরো প্রজেক্টটি তিনি নিজের পুঁজিতেই শুরু করেছেন। মুম্বইয়ের জুহুতে তমান্নার এই জুয়েলারি ব্র্যান্ডের প্রথম ফ্ল্যাগশিপ স্টোরটি উদ্বোধন করা হয়েছে। তবে শুধু মুম্বই নয়, খুব শীঘ্রই অন্যান্য বড় শহরগুলোতেও স্টোর খোলার পরিকল্পনা রয়েছে তাঁর। তাঁর গয়নার দাম শুরু ৯০,০০০ থেকে ১১ লক্ষেরও বেশি। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "বাজারের বর্তমান পরিস্থিতি এবং সোনার দাম বিবেচনা করলে আমাদের জুয়েলারির দাম অত্যন্ত প্রতিযোগিতামূলক। আমি জানি ভারতীয় ক্রেতারা সবসময় পণ্যের গুণমান ও মূল্যের দিকে নজর দেন। আমি নিজেও একজন সচেতন ক্রেতা হিসেবে যেভাবে গয়না কিনতাম, সেই বিষয়টি মাথায় রেখেই দাম নির্ধারণ করা হয়েছে।"
'বাফটা'য় সম্মানিত ধর্মেন্দ্র
বিনোদন জগতের আন্তর্জাতিক মঞ্চে আবারও উজ্জ্বল ভারতীয় চলচ্চিত্রের নাম। তবে এবারের প্রেক্ষাপট কিছুটা বিষণ্ণ, কিছুটা আবেগের। ২০২৬ সালের ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস বা 'বাফটা' চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ সাক্ষী থাকল এক পরম প্রাপ্তির। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে গত এক বছরে চলে যাওয়া কিংবদন্তি শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ব্রিটিশ অ্যাকাডেমি স্মরণ করল বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত ধর্মেন্দ্রকে। লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানের ‘ইন মেমোরিয়াম’ বিভাগে ধর্মেন্দ্রর নাম ও তাঁর চলচ্চিত্র জীবনের স্মৃতিচারণ উপস্থিত সকল দর্শক ও সিনেমাপ্রেমীদের আবেগপ্রবণ করে তোলে।
