কিছুদিন ধরে গুঞ্জন ছিল দদীপিকা পাডুকোন এবং রণবীর সিং বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। সেই জল্পনায় জল ঢেলে ২০২৬ সালের ১৯শে এপ্রিল দীপিকা রণবীর তাঁদের দ্বিতীয় সন্তানের আগমনের ঘোষণা করলেন৷ 

নিমেষের মধ্যে অভিনন্দন বার্তার ঢল নামল। সেইসঙ্গে পিতৃত্ব নিয়ে রণবীরের একটি ভিডিও ভাইরাল৷ ২০২৪ সালে, তাঁদের প্রথম সন্তান দুয়ার আগমনের ঠিক আগে, রণবীর তাঁর অনুভূতি প্রকাশ করেছিলেন৷

একটি অনুষ্ঠানে গিয়ে অভিনেতা বলেন, "এই মুহূর্তে আমি যে অসীম আনন্দ অনুভব করছি, তা ভাষায় প্রকাশ করার মতো শব্দ আমার কাছে নেই। কিন্তু কোনো ভাষাতেই এমন কোনো শব্দ নেই যা এই আনন্দকে বর্ণনা করতে পারে। এটা জাদুর মতো। আমি আনন্দে আত্মহারা৷"

একই অনুষ্ঠানে তিনি আরও জানান যে তিনি তার নতুন দায়িত্ব কতটা গুরুত্ব সহকারে নিচ্ছেন, এবং আরও বলেন, "আমি অনেক দিন ধরেই বাবার দায়িত্ব পালন করছি।"


দীপিকা ও রণবীর তাঁদের দ্বিতীয় সন্তানের খবর জানিয়েছেন প্রথম সন্তান দুয়ার মাধ্যমে৷ তারকাদম্পতি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই সুখবরটি ঘোষণা করেন। ছবিটিতে তাঁদের মেয়ে দুয়াকে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে ধরে থাকতে দেখা যায়। ক্যাপশনে দীপিকা দুটি দুষ্টু চোখের ইমোটিকন যুক্ত করেছেন।

২০১৮ সালের ১৪ই নভেম্বর ইতালির লেক কোমোতে ঘরোয়া রাজকীয় অনুষ্ঠানে দীপিকা ও রণবীর বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়েতে দুটি পর্ব ছিল, যা দীপিকার কোঙ্কনি ঐতিহ্য এবং রণবীরের সিন্ধি ঐতিহ্যের ধারাবাহী৷ 

২০১৩ সালে ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’-র সেটে এই জুটির সম্পর্কের শুরু হয়। বেশ কয়েক বছর প্রেম করার পর, ২০১৫ সালে তারা গোপনে বাগদান সম্পন্ন করেন এবং ২০১৮ সালে তাদের বিয়ের কথা প্রকাশ্যে আনেন। ২০২৪ সালের ৮ই সেপ্টেম্বর দীপিকা ও রণবীর তাদের প্রথম সন্তান দুয়াকে স্বাগত জানান।