আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
'ডন ৩' -এর পর 'প্রলয়' -ও ছাড়ছেন রণবীর? জল্পনা রটতেই কী জানা গেল?
সম্প্রতি রটে যায় রণবীর সিং নাকি 'প্রলয়' ছেড়ে দিয়েছেন। 'ডন ৩' -এর পর এই প্রজেক্ট থেকেও নাকি সরে দাঁড়িয়েছেন। এবার জানা গেল এসব নেহাতই জল্পনা এবং সর্বৈব মিথ্যে। বরং ইতিমধ্যেই নাকি এই প্রজেক্টে কাজ করা শুরু করে দিয়েছেন রণবীর। জয় মেহতা এবং অভিনেতা দু'জনে স্ক্রিপ্ট ফাইনাল করে নিয়েছেন। সূত্রের তরফে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে রণবীর এবং জয় লাগাতার ছবিটি নিয়ে আলোচনা করেছেন। এবং স্ক্রিপ্ট লক করে ফেলেছেন। বর্তমানে প্রিপ্রোডাকশন স্টেজে রয়েছে ছবিটি। অগাস্ট মাস থেকে ছবিটির শুটিং শুরু হবে বলেই জানিয়েছেন তিনি। 'প্রলয়' একটি জম্বি থ্রিলার হতে চলেছে। পরিচালনা করবেন জয় মেহতা।
আর্থিক সমস্যার কারণেই আজকাল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সঙ্গে নাচছেন রাহুল!
'আশিকি' ছবির হাত ধরে পেয়েছিলেন খ্যাতি। সম্প্রতি সেই রাহুল রায়কে একাধিক ভাইরাল রিলে কোমর দোলাতে দেখা গিয়েছে। ঘটনাটি নিয়ে হইচই শুরু হতে মুখ খুললেন খোদ অভিনেতা। জানালেন তিনি আর্থিক সমস্যায় ভুগছেন। একটি আইনি জটিলতার কারণে তাঁর বিপুল খরচ হচ্ছে। তিনি প্রায় নিঃস্ব। সেই জন্যই এই পথ বেছে নিয়েছেন। শুধু তাই নয় তিনি এদিন এও বলেন সকলে যদি এতই উদ্বিগ্ন হন তাঁর এই অবস্থা নিয়ে, তাহলে তাঁদের উচিত তাঁকে একটি কাজ জোগাড় করে দেওয়া।
'তুম্বদ ২' মুক্তির দিন ঘোষণা, কবে আসছে সোহম শাহ-নওয়াজউদ্দিন সিদ্দিকির ছবি?
'তুম্বদ ২' ঘোষণা হওয়ার পর থেকেই এই ছবি নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। অবশেষে প্রকাশ্যে এল ছবির মুক্তির দিন। ভৌতিক ঘরানার এই ছবিতে সোহম শাহ এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি থাকবেন। ২০২৭ সালের ৩ ডিসেম্বর মুক্তি পাবে 'তুম্বদ ২'। ছবির নির্মাতাদের তরফে এই খবর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল। ক্যাপশনে দেবনগরী হরফে লেখা, 'প্রলয় আসছে।'
















