সম্প্রতি রটে যায় 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকটি নাকি শেষ হতে চলেছে। আর সেই জল্পনার মাঝেই এই ধারাবাহিক সংক্রান্ত নতুন চমক প্রকাশ্যে এল। কী? 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকে নতুন চরিত্রের এন্ট্রি হতে চলেছে। 

'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকে বর্তমানে নায়ক হিসেবে দেখা যাচ্ছে নীলাঙ্কুর মুখোপাধ্যায়কে। জানা গিয়েছে এবার গল্পে আরও এক মুখ্য পুরুষ চরিত্র এন্ট্রি নেবেন। সেই চরিত্রে দেখা যাবে তথাগত মুখোপাধ্যায়কে। 

তথাগত মুখোপাধ্যায়কে এই ধারাবাহিকে একজন চিকিৎসকের চরিত্রে দেখা যেতে চলেছে, যিনি মূলত আদিবাসীদের জন্য কাজ করে থাকেন। টেন্ট সিনেমা প্রযোজিত এই ধারাবাহিকে শীঘ্রই তথাগত মুখোপাধ্যায়ের এন্ট্রি হবে। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সদ্যই স্টার জলসার তরফে 'ঘূর্ণি' ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এনে তার স্লট এবং শুরুর দিন ঘোষণা করা হয়েছে। সেই ধারাবাহিকটিও টেন্ট সিনেমার। আসন্ন 'ঘূর্ণি' ধারাবাহিক আগামী ২৭ মে থেকে সন্ধ্যা সাড়ে সাতটার স্লটে দেখা যাবে। আর সেই কারণেই জল্পনা রটে যায় যে 'রাঙামতী তীরন্দাজ' শেষ হচ্ছে। এখনও এই ধারাবাহিকের সময় বদলের কোনও ঘোষণা করা হয়নি। ফলে এটাই দেখার পালা যে সত্যিই 'রাঙামতী তীরন্দাজ' শেষ হচ্ছে ঘূর্ণি ধারাবাহিকের আগমনে নাকি বদলে যাবে সময়। যদি শেষ হয় ২৬ এপ্রিল এই ধারাবাহিক তবে তথাগত মুখোপাধ্যায় যে মাত্র কয়েক দিনের জন্য এই ধারাবাহিকে দেখা যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস শোনা যাচ্ছে, রাত ১১ বা ১১.৩০ নাগাদ দেখা যেতে পারে।

'ঘূর্ণি' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে সপ্ততাশ্রী এবং কুণাল শীলকে। কুণালকে দর্শক এর আগে গীতা এলএলবি ধারাবাহিকে দেখেছেন স্বস্তিকের চরিত্রে। অন্যদিকে সপ্তাশ্রী ছোটপর্দার নতুন মুখ।‌ 'ঘূর্ণি'র হাত ধরেই তাঁর অভিনয়ে প্রথম পথচলা। সপ্তাশ্রীর সঙ্গে এতদিন বিনোদন জগতের কোনও পরিচয় ছিল না। নাচকে ভালবেসে এগিয়ে গিয়েছেন তিনি। মডেলিং-এও দেখা গিয়েছে তাঁকে। জানা যায়, তারপরেই হঠাৎ সুযোগ আসে এই ধারাবাহিকের। প্রথমবার অভিনয় জগতে পা দিয়েই মহিলা ক্রিকেটারের মতো চ্যালেঞ্জিং চরিত্রে ধরা দিতে চলেছেন সপ্তাশ্রী।

অন্যদিকে 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় আছেন মনীষা মণ্ডল এবং নীলাঙ্কুর মুখোপাধ্যায়। প্রথম দিকে এই ধারাবাহিক সেরা পাঁচের মধ্যেই থাকত টিআরপি তালিকায়। এমনকী টিআরপি টপার বা দ্বিতীয় স্থানেও থেকেছে। কিন্তু বিগত কয়েক সপ্তাহ ধরে সেই স্থান হাতছাড়া তো হয়েছেই, নেমে এসেছে সপ্তম বা অষ্টম স্থানে। সেই কারণেই অনুমান করা হচ্ছে এই ধারাবাহিককে শেষ করা হবে বা স্লট বদল হবে। একই সঙ্গে এও জানিয়ে রাখা ভাল, 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকটি একাধিকার তার প্রোমোর জন্য দর্শকদের কটাক্ষের মুখে পড়েছে। ট্রোল্ড হয়েছে।