আগামী ২৭ এপ্রিল থেকে স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'ঘূর্ণি'। টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজের এই ধারাবাহিকের প্রোমো আসা মাত্রই গুঞ্জন শুরু হয়েছিল তবে কি শেষ হচ্ছে 'রাঙামতী তীরন্দাজ'? কারণ এটিও একই প্রযোজনা সংস্থার। এরপর যখন 'ঘূর্ণি'র স্লট ঘোষণা করা হল তখন দেখা গেল জল্পনা মিথ্যে নয়। 'ঘূর্ণি' আদতেই সন্ধ্যা সাড়ে সাতটার স্লটে আসছে। এবার জানা গেল 'ঘূর্ণি'র দাপটে শেষ হচ্ছে না 'রাঙামতী তীরন্দাজ'। তবে স্লট বদলে গেল। একই সঙ্গে গল্পে আসছে নতুন টুইস্ট।
'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকটি আগামী ২৭ এপ্রিল থেকে রাত এগারোটার স্লটে দেখা যাবে। গল্পে নতুন চরিত্রের এন্ট্রি হতে চলেছে। রাঙামতীর প্রতিদ্বন্দ্বী হয়ে এক মহিলা চরিত্র গল্পে এন্ট্রি নেবে। তবে তিনি কে সেটা এখনও স্পষ্ট নয়। তবে কেবল এই চরিত্র নয়, 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকে আসছেন আরও এক নায়ক।
'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকে বর্তমানে নায়ক হিসেবে দেখা যাচ্ছে নীলাঙ্কুর মুখোপাধ্যায়কে। জানা গিয়েছে এবার গল্পে আরও এক মুখ্য পুরুষ চরিত্র এন্ট্রি নেবেন। সেই চরিত্রে দেখা যাবে তথাগত মুখোপাধ্যায়কে। তথাগত মুখোপাধ্যায়কে এই ধারাবাহিকে একজন চিকিৎসকের চরিত্রে দেখা যেতে চলেছে, যিনি মূলত আদিবাসীদের জন্য কাজ করে থাকেন। ফলে স্লট বদলালেও গল্পে যে ভরপুর টুইস্ট আসছে সেটা বলার অপেক্ষা রাখে না।
https://www.instagram.com/reels/DXZUMrCFVdk/
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় আছেন মনীষা মণ্ডল এবং নীলাঙ্কুর মুখোপাধ্যায়। প্রথম দিকে এই ধারাবাহিক সেরা পাঁচের মধ্যেই থাকত টিআরপি তালিকায়। এমনকী টিআরপি টপার বা দ্বিতীয় স্থানেও থেকেছে। কিন্তু বিগত কয়েক সপ্তাহ ধরে সেই স্থান হাতছাড়া তো হয়েছেই, নেমে এসেছে সপ্তম বা অষ্টম স্থানে। সেই কারণেই এই ধারাবাহিককে প্রাইম টাইম থেকে সরিয়ে দেওয়া হল বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, 'রাঙামতী তীরন্দাজ'-এর জায়গায় যে ধারাবাহিক অর্থাৎ 'ঘূর্ণি' আসছে, সেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে সপ্ততাশ্রী এবং কুণাল শীলকে। কুণালকে দর্শক এর আগে 'গীতা এলএলবি' ধারাবাহিকে দেখেছেন স্বস্তিকের চরিত্রে। অন্যদিকে সপ্তাশ্রী ছোটপর্দার নতুন মুখ। 'ঘূর্ণি'র হাত ধরেই তাঁর অভিনয়ে প্রথম পথচলা। সপ্তাশ্রীর সঙ্গে এতদিন বিনোদন জগতের কোনও পরিচয় ছিল না। নাচকে ভালবেসে এগিয়ে গিয়েছেন তিনি। মডেলিং-এও দেখা গিয়েছে তাঁকে। জানা যায়, তারপরেই হঠাৎ সুযোগ আসে এই ধারাবাহিকের। প্রথমবার অভিনয় জগতে পা দিয়েই মহিলা ক্রিকেটারের মতো চ্যালেঞ্জিং চরিত্রে ধরা দিতে চলেছেন সপ্তাশ্রী।
















