নেটফ্লিক্সে স্ট্রিম হওয়া একতা কাপুরের বিতর্কিত রিয়্যালিটি শো ‘লক আপ সিজন ২’-এর সেটে বিতর্ক আর নাটকীয়তা যেন রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাম কাপুর এবং শ্রেয়া কালরার মধ্যর সাম্প্রতিক ঝামেলার রেশ কাটতে না কাটতেই এবার ক্যামেরার সামনে উঠে এল ওঁদের দু;জনের সম্পর্কের একেবারে ভিন্ন সমীকরণ। শো-এর সাম্প্রতিক পর্বে দুই প্রতিযোগীর মধ্যে ঘটে যাওয়া একটি মুখোমুখি এবং খোলামেলা কথোপকথন এই মুহূর্তে নেটপাড়ার অন্যতম আলোচিত টপিক হয়ে উঠেছে।
বিছানা শেয়ার করা বা ‘বেড শেয়ারিং’ নিয়ে শুরু হওয়া এই আলোচনাটি মুহূর্তের মধ্যে বেশ গভীর এবং তীব্র এক তর্কে রূপ নেয়। ঘটনার সূত্রপাত হয় যখন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রাম কাপুর স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি একই বিছানায় অন্য কারও সঙ্গে শোয়ার ক্ষেত্রে একেবারেই স্বাচ্ছন্দ্য নন। নিজের এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ৫২ বছর বয়সী অভিনেতা নিজেকে “ওল্ড-স্কুল” বা প্রাচীনপন্থী চিন্তাধারার মানুষ হিসেবে বর্ণনা করেন।
রামের এই সিদ্ধান্তকে তখনই চ্যালেঞ্জ করে বসেন ডিজিটাল ক্রিয়েটর শ্রেয়া কালরা। বেশ মজার ছলে অথচ তীক্ষ্ণ সুরে শ্রেয়া প্রশ্ন তোলেন, রাম কেন ওঁর সঙ্গে বিছানা শেয়ার করার সিদ্ধান্ত নিলেন না? শ্রেয়া জোর দিয়ে বলেন, রাম যদি ওঁর সঙ্গে একই বিছানায় শেয়ার করার সিদ্ধান্ত নিতেন, তবে তিনি বেশ খুশিই হতেন। শ্রেয়ার এই খোলামেলা ও রসিকতাপূর্ণ মন্তব্যের সামনে অবশ্য নিজের চেনা রাশভারী রূপেই ধরা দেন রাম কাপুর। তিনি পরিষ্কার জানিয়ে দেন, শো-তে ওঁর কোনও সিদ্ধান্তই কাউকে খুশি বা অখুশি করার জন্য তৈরি হয় না।
শ্রেয়াকে পাল্টা জবাব দিয়ে রাম বলেন, “আমার এই সিদ্ধান্ত কাউকে খুশি করার জন্য ছিল না। এটা স্রেফ আমার নিজের কিছু ব্যক্তিগত নীতি ও আদর্শের বিষয়, যেটার সঙ্গে আমি কোনও আপস করতে পারব না। আমি আমার নিজের আদর্শের উপর দাঁড়িয়েই এই সিদ্ধান্ত নিয়েছি।”
দুজনের এই কথোপকথনটি প্রথম দিকে বেশ হালকা ও মজার ছলে শুরু হলেও,খানিক পরেই তা বেশ গম্ভীর এবং মনস্তাত্ত্বিক রূপ নেয়, যা সেটের বাকি প্রতিযোগীদেরও নজর কাড়ে।এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় আসতেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দুই প্রতিযোগীর এই ভিন্ন মানসিকতা নিয়ে অনুরাগীরাও দুই ভাগে ভাগ হয়ে গেছেন।
রাম কাপুরের ভক্তদের একাংশ ওঁর এই ওল্ড-স্কুল মানসিকতা এবং নিজের নীতিতে অনড় থাকার বিষয়টিকে বাহবা জানিয়েছেন। তাঁদের মতে, রিয়্যালিটি শো-এর ক্যামেরার সামনেও নিজের শালীনতা বজায় রাখা প্রশংসনীয়। অন্যদিকে, শ্রেয়ার সমর্থক এবং সাধারণ দর্শকদের অনেকের মতে, শ্রেয়া বিষয়টি স্রেফ মজার ছলে বলেছিলেন এবং একটি রিয়্যালিটি শো-র প্রেক্ষাপটে রামের এই আচরণ বড্ড বেশি গম্ভীর বা রক্ষণশীল।















