বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবের আইনি লড়াইয়ে বড় ধাক্কা। প্রায় ৯ কোটি টাকার ঋণ এবং একাধিক চেক বাউন্স মামলা চলছিল রাজপাল যাদবের বিরুদ্ধে৷ দিল্লি হাইকোর্ট অভিনেতার আবেদন খারিজ করে আগের সাজাই বহাল রেখেছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, সাতটি পৃথক চেক বাউন্স মামলার প্রত্যেকটিতে তাঁকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে৷ এই রায়ের ফলে দীর্ঘদিন ধরে চলা আইনি জটিলতায় বড় ধাক্কা খেলেন অভিনেতা।
জানা গিয়েছে, এই মামলার সূত্রপাত একটি পুরনো আর্থিক লেনদেনকে কেন্দ্র করে। রাজপাল যাদবের বিরুদ্ধে অভিযোগ, তিনি ঋণ পরিশোধের জন্য যে চেকগুলি ইস্যু করেছিলেন, সেগুলি পর্যাপ্ত অর্থের অভাবে বাউন্স করে। এরপর সংশ্লিষ্ট সংস্থা তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে। সময়ের সঙ্গে সুদ ও অন্যান্য বকেয়া মিলিয়ে ঋণের পরিমাণ প্রায় ৯ কোটিতে পৌঁছায়।
এর আগে ট্রায়াল কোর্ট অভিনেতাকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন রাজপাল যাদব। শুক্রবার আদালত রাজপাল যাদবের আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্ট. আদালত জানিয়ে দেয়, আগের রায়ে হস্তক্ষেপের কোনও কারণ নেই। ফলে ট্রায়াল কোর্টের সাজাই বহাল থাকল৷
চলতি বছরের শুরুতে বকেয়া অর্থ পরিশোধের জন্য অতিরিক্ত সময় চেয়েও আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন অভিনেতা৷ আদালত তাঁর একাধিক আবেদন খারিজ করে দেয় এবং আইনি প্রক্রিয়া চলতে থাকে।
'ভুল ভুলাইয়া', 'ফির হেরা ফেরি', 'হাঙ্গামা', 'গরম মসালা'-র মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন রাজপাল যাদব। অসাধারণ কমিক টাইমিংয়ের জন্য তিনি বলিউডে বিশেষ পরিচিত। দিল্লি হাইকোর্টের এই রায়ের পর রাজপাল যাদবের পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, সেদিকেই এখন নজর রয়েছে। অভিনেতা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।















