জলে ডুবে মৃত্যু রাহুলের, দুর্ঘটনার কারণ নিয়ে সমাজমাধ্যমে তোলপাড়প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। ২৯ মার্চ রবিবার ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন৷ সেখানেই জলে ডুবে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷  

কীভাবে মৃত্যু হল রাহুলের?  মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ সমাজমাধ্যমেও একাধিক মন্তব্যের ভিড়৷ ধারাবাহিকের পরিচালকের মতে, শুটিং চলাকালীন দুর্ঘটনা ঘটেছে৷ 

কিন্তু অনেকের মতে, শুটিং শেষে প্যাক আপ হয়ে গিয়েছিল৷ ধারাবাহিকের সহ অভিনেত্রী শ্বেতা আকস্মিক দুর্ঘটনায় কিছুটা অপ্রকৃতস্থ অবস্থায় বার বার রাহুলের খবর জানার চেষ্টা করছেন৷ এই সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, আধ ঘণ্টা আগেও আমরা একসঙ্গে শুটিং করছিলাম৷ 

সমাজমাধ্যমে নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন রাহুল বিচক্ষণ মানুষ ছিলেন৷ সমুদ্র উত্তাল জেনেও কি উনি এভাবে ঝুঁকি নিয়েছিলেন নাকি এর নেপথ্যে রয়েছে সুরক্ষার অভাব?  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের  শুটিং চলাকালীন কোনওভাবে সমুদ্রে নেমেছিলেন রাহুল এবং তলিয়ে যান!  

 সূত্রের খবর, ওড়িশার তালসারি সংলগ্ন অঞ্চলের সমুদ্রে বোটে চেপে ঘোরার সময় বোট থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। সেখান থেকে উদ্ধার করার সময়ও রাহুল বেঁচে ছিলেন বলেই জানা গিয়েছে৷  ওড়িশার একটি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে৷  হাসপাতালে অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকেরা৷ অভিনেতার দেহ দীঘা স্টেট জেনারেল হাসপাতালে আনা হয়েছে।
পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।  অভিনেতার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।