অভিনেতা বিক্রম চ্যাটার্জির প্রথম প্রযোজনায় জি ফাইভ বাংলায় আসছে ওয়েব সিরিজ 'তারকাটা'। অভিনয়ে দেখা যাবে বিক্রম চ্যাটার্জি, প্রিয়াঙ্কা সরকার, ময়াং চ্যাং, সত্যম ভট্টাচার্য ও আয়ুষ দাসকে। উল্লেখযোগ্য, গায়ক, অভিনেতা ময়াং চ্যাং এই সিরিজের হাত ধরে প্রথমবার বাংলা ইন্ডাস্ট্রিতে পা রাখছেন। রবিবার এই সিরিজের পোস্টার শুটে ছিলেন প্রিয়াঙ্কা। অন্যদিকে, তালসারিতে স্টার জলসার ধারাবাহিক 'ভোলেবাবা পার কারেগা'র আউটডোর শুটিং করছিলেন রাহুল অরুণোদয় ব্যানার্জি।
অভিনেতার জলে ডুবে মৃত্যুর খবরে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে স্ত্রী প্রিয়াঙ্কার। ঘনিষ্ঠ সূত্রে খবর, তড়িঘড়ি শুটিং ফ্লোর থেকে বেরিয়ে যান তিনি। যদিও প্রিয়াঙ্কার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি আসেনি।
শুটিং করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু রাহুলের! এই ঘটনার কথা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুটিং সেটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়ে জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল 'ভোলেবাবা পার কারেগা'র প্রযোজক, লেখিকা লীনা গাঙ্গুলির সঙ্গে। কিন্তু ফোনে তিনি অধরা।
প্রসঙ্গত, ধারাবাহিকের শুটিং করছিলেন তালসারিতে। সঙ্গে ছিলেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। কিন্তু হঠাৎই সেই সময়ই জল তলিয়ে যান রাহুল। পরবর্তীতে তাঁকে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। রাহুল 'চিরদিনই তুমি যে আমার' ছবির হাত ধরে খ্যাতি পান। সেই ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে মন দেন। পরবর্তীতে তাঁর সঙ্গেই গাঁটছড়া বাঁধেন। যদিও মাঝে তাঁদের বিচ্ছেদ হয়েছিল। কিন্তু ছেলে সহজের কথা ভেবে ফের একসঙ্গে থাকা শুরু করেন রাহুল, প্রিয়াঙ্কা। রাহুল অভিনয় ছাড়া 'সহজ কথা' নামক একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন। সেটিও তুমুল জনপ্রিয় হয়েছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। অভিনেতার প্রয়াণে স্তম্ভিত টলিউড।















