প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ২৯ মার্চ শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়ে প্রাণ হারান অভিনেতা। স্বামীর মৃত্যুর পর অবশেষে নীরবতা ভাঙলেন প্রিয়াঙ্কা সরকার। কী লিখলেন?
সমাজমাধ্যমে এদিন প্রিয়াঙ্কা লেখেন, "এই সময়টা অত্যন্ত শোকের, আমাদের জন্য দারুণ হতাশার। এই কঠিন সময়, আমরা প্রাইভেসি চাইছি।" তিনি এদিন তাঁর ইনস্টাগ্রাম পোস্টে আরও লেখেন, "একজন সন্তান, একজন মা, একটা পরিবার এবং প্রিয়জনেরা একসঙ্গে এই বড় ক্ষতির মোকাবিলা করার চেষ্টা করছি। আমরা আমাদের বন্ধু, সহকর্মী এবং মিডিয়াকে অনুরোধ করব সীমা মেনে চলার। আমাদের একান্তে শোক পালন করতে দিন। আশা করব আপনারা এটা বুঝবেন। আপনাদের সহযোগিতা এই সময় একান্ত কাম্য।"

রাহুলের প্রয়াণের খবর আসে যখন তখন শুটিংয়ে ছিলেন প্রিয়াঙ্কা সরকার। অভিনেতা বিক্রম চ্যাটার্জির প্রথম প্রযোজনায় জি ফাইভ বাংলায় আসছে ওয়েব সিরিজ 'তারকাটা'। অভিনয়ে দেখা যাবে বিক্রম চ্যাটার্জি, প্রিয়াঙ্কা সরকার, ময়াং চ্যাং, সত্যম ভট্টাচার্য ও আয়ুষ দাসকে। উল্লেখযোগ্য, গায়ক, অভিনেতা ময়াং চ্যাং এই সিরিজের হাত ধরে প্রথমবার বাংলা ইন্ডাস্ট্রিতে পা রাখছেন। রবিবার এই সিরিজের পোস্টার শুটে ছিলেন প্রিয়াঙ্কা। অভিনেতার জলে ডুবে মৃত্যুর খবরে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে স্ত্রী প্রিয়াঙ্কার। ঘনিষ্ঠ সূত্রে খবর, তড়িঘড়ি শুটিং ফ্লোর থেকে বেরিয়ে যান তিনি। সম্প্রতি তিনি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকেছেন।
প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তাঁর অবাধ যাতায়াত। বর্তমানে তাঁকে দর্শকরা 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তাঁর এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও তার ফল দেখা যাচ্ছিল। এছাড়া তিনি আগে 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়া তাঁকে দর্শক সদ্যই 'ঠাকুমার ঝুলি' সিরিজে দেখেছেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে হইচই প্ল্যাটফর্মের এই সিরিজে তিনি ছিলেন। অভিনয় করেছিলেন দারোগার চরিত্রে। অভিনয় ছাড়া রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় 'সহজ কথা' নামক একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন।
২৯ মার্চ না ফেরার দেশে পাড়ি দিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের উজান এবং কুইনের মধুচন্দ্রিমার শুটিং চলছিল। সেই সময়ই তাঁরা বোটিংয়ে যান। তখন হঠাৎই জলে পড়ে যান অভিনেতা। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
















