সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের ইতিহাসে বাণিজ্যিক কিংবা অন্যধারার বেশ কিছু ছবি এমন কয়েকজন খলচরিত্রে জন্ম দিয়েছে যাদের নাম শুনলে আজও ফ্যাকাসে হয়ে যায় দর্শকের মুখ। বলা হত, সেসব ছবি যখন প্রথমবার দেখেছেন কোনও দর্শক তখন ভয়ে গায়ের রোম তাঁর খাড়া হবেই। বাড়ি ফেরার পরেও চাপা আতঙ্ক তাড়া করে বেড়াবে তাঁকে। এতটা ভয়ঙ্কর ও নিখুঁত থাকত সেইসব খলচরিত্রের অভিনয়। নয়ের দশকে এরকমই একটি ছবির খলচরিত্রে নাম ছিল 'গোকুল পন্ডিত'। ছবির নাম 'দুশমন'।
'দুশমন' ছবিতে মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল কাজল ও সঞ্জয় দত্তকে। এবং 'গোকুল পন্ডিত'-এর ভূমিকায় ছিলেন আশুতোষ রানা। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া পূজা ভাটের সেই ছবিতে সঞ্জয় দত্ত, কাজলকে ছাপিয়ে নজর কেড়ে নিলেন আশুতোষ রানা। খলনায়ক পোস্টমাস্টার গোকুল পণ্ডিতের চরিত্রে বাজিমাত করলেন তিনি। বলিউডের নৃশংস খলনায়কের মধ্যে স্মরণীয় হয়ে আছে ‘গোকুল পণ্ডিত’। তাঁর অভিনীত বিকৃতকাম সেই চরিত্র নারীদের অত্যাচার করে ধর্ষণ করে খুন করত। রক্তপানও করত! এই ছবি দেখে দর্শকরা এতটাই আতঙ্কিত হয়েছিলেন যে অনেকে রাতে ঘুমোতে পারতেন না। মাত্র ১৪৫ মিনিটের সময়ের 'দুশমন' ছবির সেই প্রভাব বিস্তারের ঘটনা জায়গা করে নিয়েছিল খবরের শিরোনামে।
'দুশমন'-এ কাজলের বোনকেও ধর্ষণ করে খুন করেন 'গোকুল পন্ডিত'। ছবির ক্লাইম্যাক্সে কাজল প্রতিশোধ নেয় তাঁর বোনের ধর্ষণ-খুনের। সহায়তা করেন তাঁর প্রেমিক সঞ্জয় দত্ত। বলাই বাহুল্য, বক্স অফিসে দুরন্ত সফল হয়েছিল 'দুশমন'।
