বিহারের গোপালগঞ্জে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর পরিবারের ওপর বড়সড় হামলা হয়েছে। রবিবার গভীর রাতে অভিনেতার দাদা বিজেন্দ্র নাথ তিওয়ারির ওপর একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। এই ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পঙ্কজ ত্রিপাঠীর পৈত্রিক গ্রাম বেলসন্ডে। রাত তখন প্রায় ১১টা। বিজেন্দ্র নাথ বাড়ির কাছেই বসে ছিলেন। সেই সময় কয়েকজন লোক এসে আচমকা তাঁকে ঘিরে ফেলে এবং ছুড়ি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। আশেপাশের মানুষজন চিৎকার শুনে ছুটে এলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়।

আহত অবস্থায় তাঁকে দ্রুত গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে ওই এলাকাতে জমি সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে গোলমাল চলছিল। সেই শত্রুতা থেকেই এই আক্রমণ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের খুঁজতে তল্লাশি শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত ত্রিপাঠী পরিবার এবং পঙ্কজ ত্রিপাঠীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি।