সম্পর্কের ভাঙাগড়া লেগেই আছে। সদ্যই বসন্তের বাতাস গায়ে মেখে যেখানে একাধিক অভিনেতা, অভিনেত্রীরা নিজেদের নতুন জীবন শুরু করলেন, সেখানে আবার কেউ সম্পর্কে ইতি টানলেন। কিন্তু এই ঘটনা যেন ব্যতিক্রম। অভিনেতা সবেই নতুন জীবনে পা দিয়েছেন, আর এর মধ্যেই ফিরছে তাঁর প্রাক্তন। তবে কি ভাঙবে তার সাজানো সংসার? ভাবছেন কে এই অভিনেতা? তাহলে জানাই যা ঘটছে, সবটাই ছোটপর্দায়। 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে গোরার জন্মদিনের এলাহি আয়োজন করা হয়েছে। বাড়ির সকলে উপস্থিত, রয়েছে কেক। কিন্তু তাও যেন গোরা খুশি নয়। আর ঠিক সেই সময়ই সকলকে চমকে, গোরাকে সারপ্রাইজ দেয় তার প্রাক্তন প্রেমিকা। এসে সোজা নায়ককে জড়িয়ে তার বুকে মাথা রাখে। জানায় গোরার জন্যই সে ফিরেছে, এই বাড়িতে এসেছে। আর বরের বুকে অন্য কাউকে দেখে স্বাভাবিক ভাবে ঘাবড়ে যায় নায়িকা। কী ঘটবে এবার? তবে কি গোরাকে এলার থেকে ছিনিয়ে নেবে নেহা? নাকি আরও দৃঢ় হবে গোরা, এলার সম্পর্ক? এর জবাব আগামীতে পাওয়া যাবে। 

প্রসঙ্গত, সম্প্রতি মৈনাকের সমস্ত ষড়যন্ত্র ভেস্তে, তার আসল মুখ সবার সামনে নিয়ে আসে এলা। নিজের ভুল বোঝে গোরা। ভাল না বাসলেও, দূরত্ব মিটিয়ে কাছাকাছি আসে নায়ক নায়িকা। বন্ধুত্ব, খুনসুটির সম্পর্ক তৈরি হয়েছে। আর সেটাকেই এবার ভেস্তে দিতে মৈনাক ষড়যন্ত্র করে নেহাকে ফিরিয়ে এনেছে। এবার কী ঘটে গল্পে সেটাই দেখার। 

https://www.instagram.com/reels/DWBGPV-gaEl/

সদ্যই এই ধারাবাহিক ১০০ পর্ব পার করেছে। 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের সেটে হইহই করে কেক কেটে উদ্‌যাপন করা হয়েছে। এই প্রোমো প্রকাশ্যে আসার পর দর্শক নিজেদের মন্তব্য জানিয়েছে। সকলেরই এক মত, মৈনাক যে ধরনের ষড়যন্ত্র এবং নোংরামি করছে তাতে টেকা যায় না। এলার উচিত এই বাড়ি ছেড়ে দেওয়া। 

গোরা ও এলার জীবনে আগে থেকেই তৃতীয় ব্যক্তি হিসেবে ছিল মৈনাক। এই চরিত্রে অভিনয় করছেন কৌশিক রায়। তবে এবার শুধু মৈনাক নয়, গোরা-এলার জীবনে আসছে আরও এক শত্রু! এবার ধারাবাহিকে দেখা যাবে গোরার প্রাক্তন প্রেমিকাকে। এই চরিত্রে গল্পে এন্ট্রি নিয়েছেন অভিনেত্রী দিয়া মুখার্জি।

'গাঁটছড়া' ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছিলেন গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়। সেই থেকেই দারুণ সাড়া ফেলে তাঁদের 'খড়িদ্ধি' জুটির অনস্ক্রিন রসায়ন। ধারাবাহিক শেষ হওয়ার পর এই জুটি ফেরানোর দাবি জানায় দর্শক। সেই কথা মেনে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে আবারও দেখা যাচ্ছে এই জুটিকে। স্টার জলসার পর্দায় নিয়মিত সম্প্রচার হয় মিলন হবে কতদিনে। এটি রোজ রাত সাড়ে ৯টা থেকে দেখা যায়।