'মিলন হবে কতদিনে' ধারাবাহিকটি টিআরপিতে এখনও তেমন হালে পানি না পেলেও গল্পে একের পর এক চমক আসছে। এবং 'গাঁটছড়া' ধারাবাহিকের মতোই এবারও জমে উঠেছে শোলাঙ্কি রায় ও গৌরব চট্টোপাধ্যায়ের রসায়ন। 

সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ফুলশয্যার রাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এলা। ধুম জ্বর আসে তার। জ্বরের ঘোরে ভুল বকতে থাকে। তবে তার সব কথাই গোরার উদ্দেশ্যে। বরের উদ্দেশ্যে জ্বরের ঘোরে এলা বলে কখনও তাকে মিথ্যেবাদী বলা হয়, কখনও তার জন্য মায়া করে গোরা, কখনও আবার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে চলে যেতে বলেন। তাই এলা জানতে চায় সে কি চায়, কী করবে? স্ত্রীর এই অবস্থা দেখে মুখ ফিরিয়ে থাকতে পারে না গোরা। জলপট্টির ব্যবস্থা করে। নিজেই সারারাত জেগে বউয়ের পাশে বসে তার সেবা করে। তবে কি রাগ, ভুল বোঝাবুঝির মধ্যেই কোথাও জায়গা করে নিচ্ছে ভালবাসাও? 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সদ্যই এলা এবং গোরার দ্বিরাগমনের প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে গোরা স্নান করতে ঢুকেছে। সারা গায়ে সাবান মেখে যখন গায়ে জল ঢালতে যাবে ঠিক সেই সময়ই জল শেষ হয়ে যায়। একই সঙ্গে কারেন্টও চলে যায়। ফলে ওই অবস্থায় দাঁড়িয়ে থাকতে হয় নায়ককে। সে যখন রেগে গিয়ে চিৎকার করছে তখন এলা তাকে উদ্ধার করতে আসে। বলে দরজা খুলতে। স্নান করতে করতে সাবান মাখা অবস্থাতেই গোরা দরজা খুলে দেয়। এলা তার হাত ধরে নিয়ে বাথরুমের ভিতরে থাকা জলে ভরা চৌবাচ্চার কাছে পৌঁছিয়ে দিয়ে যখন বেড়াতে যাবে ঠিক সেই সময়ই পা স্লিপ করে স্ত্রীকে নিয়ে চৌবাচ্চায় পড়ে যায় গোরা। তবে কি এখান থেকেই তাদের সম্পর্কের নতুন রসায়ন তৈরি হবে।

প্রসঙ্গত, 'গাঁটছড়া' ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছিলেন গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়। সেই থেকেই দারুণ সাড়া ফেলে তাঁদের 'খড়িদ্ধি' জুটির অনস্ক্রিন রসায়ন। ধারাবাহিক শেষ হওয়ার পর এই জুটি ফেরানোর দাবি জানায় দর্শক। সেই কথা মেনে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে আবারও দেখা যাচ্ছে এই জুটিকে। স্টার জলসার পর্দায় নিয়মিত সম্প্রচার হয় 'মিলন হবে কতদিনে'। এটি রোজ রাত সাড়ে ৯টা থেকে দেখা যায়।