'মিলন হবে কতদিনে' ধারাবাহিকটি টিআরপি তালিকায় এখনও চমক দেখানো শুরু না করলেও গল্পের জোরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। বিয়ের পর এবার দ্বিরাগমনে আসতে চলেছে এলা এবং গোরা। সেখানেই কোন বিপত্তির মুখোমুখি পড়বে দু'জনে? 

সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে এদিন 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে, সেখানে দেখা গিয়েছে এলা গোরা এবং তাদের দু'জনের ভাই বোন দ্বিরাগমন সারতে বাপের বাড়ি এসেছে। এলার মা দুই মেয়ে জামাইকে বরণ করে ঘরে তোলেন। তাদের ভাল থাকার কামনা করেন। এলাকে বাপের বাড়ি পৌঁছে দিয়েই গোরা জানায় তার কাজ, দায়িত্ব শেষ। সে চলে যাবে। তখন বড় জামাইকে বাধা দেন এলার মা। জানান, কিছু নিয়ম কানুন আছে দ্বিরাগমনের। তাই এক রাত অন্তত সেই বাড়িতে থাকতেই হবে গোরাকে। তার জবাব নায়ক দেওয়ার আগেই ফাঁস হয় এক চরম সত্য। 

এলার বোন সকলের সামনের বলে দেয়, নিয়ম পালন করে কী হবে, গোরা এমনিও এলাকে ডিভোর্স দেওয়ার পরিকল্পনা করছে। সেই শুনে হতভম্ব হয়ে যায় সকলেই। অপ্রস্তুত হয়ে পড়ে এলা এবং গোরা। এই কথা সত্যি মৈনাকের কাছ থেকে এলার নামে উল্টোপাল্টা কথা শুনে স্ত্রীর বিরুদ্ধে বিরূপ ধারণা তৈরি হয়েছে গোরার। তাই ফুলশয্যার রাতেই স্ত্রীকে ডিভোর্সের পেপার হাতে ধরিয়েছে। জানিয়েছে ছয় মাস এই বিয়ের আয়ু। অন্যদিকে নায়িকা বলেছে এই ছয় মাসের মধ্যে গোরার মনে ভালবাসা জাগিয়েই ছাড়বে। 

এদিন 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের আরও একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে এলা এবং গোরা নায়িকার প্রক্তনের মুখোমুখি হয়েছে। গোরা তার মুখোমুখি হয়ে এলার থেকে ক্ষমা চাইতে বলে প্রতারণার জন্য। এলা সপাটে চড় কষায় প্রাক্তনের গালে। এরপরই খুনসুটি করতে দেখা যায় এলা গোরাকে। নায়ক বলে সে না থাকলে নাকি এলা প্রাক্তনের কাছেই ফিরে যেত। এলা জবাব দেওয়ার আগেই সেখান থেকে চলে যায় গোরা। সব মিলিয়ে দু'জনের রসায়ন যে জমে উঠেছে বলা যায়। কেবল গল্প কোন দিকে বয় সেটাই দেখার। 

প্রসঙ্গত, 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ দেখা যায়। এটি প্রতিদিন রাত সাড়ে ৯ টা নাগাদ সম্প্রচারিত হয়। মুখ্য ভূমিকায় রয়েছেন শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়।