সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

গোড়ার দিকে সইতে হয়েছে হাজার অপমান! কোন ডিজাইনারদের নিয়ে মুখ খুললেন মেধা? 

মেধা শঙ্করকে '১২ ফেল' ছবিতে প্রথমবার দেখা গিয়েছিল বিক্রান্ত ম্যাসির সঙ্গে। বিনোদ চোপড়ার সেই ছবি রীতিমত ব্লকবাস্টার হিট হয়েছিল। আগামীতে মেধাকে 'জিনি ওয়েডস সানি ২' ছবিতে দেখা যাবে। তার আগে ইন্ডাস্ট্রির বিষয়ে একাধিক তথ্য ফাঁস করলেন অভিনেত্রী। সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসে মেধা বলেন, ছবির সেটে তিনি কোনও অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হননি বা অপমানিত হননি। তবে কাজের জায়গায় বিভিন্ন সময় অপমানিত হয়েছেন। বিশেষ করে বিভিন্ন ইভেন্টের সময় ডিজাইনাররা তাঁকে পোশাক দিতে চাননি। যদিও এই বিষয়গুলো নিয়ে তিনি কোনও ক্ষোভ জমিয়ে রাখেননি, কিন্তু সেই সমস্ত ডিজাইনারদের নাম তিনি মনে রেখেছেন বলেই জানিয়েছেন এই সাক্ষাৎকারে। 

ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তুলনা, ওয়ামিকার পাশে দাঁড়িয়ে কী বার্তা অক্ষয়ের? 

ঐশ্বর্য রাইয়ের সঙ্গে মাঝে মধ্যেই তুলনা টানা হয় ওয়ামিকা গাব্বির। বিশেষ করে তাঁদের দু'জনের চোখের জন্য। এবার এই বিষয়ে মুখ খুললেন অক্ষয় কুমার। জানালেন তাঁর 'ভূত বাংলা' ছবির নায়িকা নিজের পথ, নিজের কেরিয়ার, পরিচিত নিজে গড়ে তুলেছেন। কারও সঙ্গে সাদৃশ্য আছে বলে বাড়তি সুবিধা পাননি। অক্ষয় বলেন, 'ওর চোখ ঐশ্বর্যর মতো। কিন্তু ওর নিজের আলাদা পরিচিতি আছে। ও ওর নিজের মতো কাজ করছে। অনেক লড়াই, পরিশ্রমের পর ও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে পেরেছে। পাঞ্জাবি ছবিতে কাজ করত আগে। এখন হিন্দি, তেলুগু, তামিল ছবিতেও কাজ করে। বিভিন্ন জ্যরের ছবিতে কাজ করছে।' 

'ধুরন্ধর' পরিচিতি তৈরি করেছে, দিয়েছে খ্যাতি! দাবি গৌরব গেরার 

'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজির ছবিতে আলম চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। আদতে তিনিও ছিলেন একজন ভারতীয় চর। এই চরিত্র দর্শকদের দারুণ নজর কেড়েছিল। এবার আলমের চরিত্রে অভিনয় করা গৌরব গেরা জানালেন ধুরন্ধর ছবিটি তাঁকে আলাদা পরিচিতি গড়ে দিয়েছে। সম্মান বেড়েছে। অভিনেতা বলেন, 'ধুরন্ধর এর পর আমি সম্মান পাচ্ছি। এতদিন কেউ তেমন চিনতেন না। এখনও যে বিশেষ চেনে সেটা নয়। কিন্তু আমার সেলফ এস্টিম বেড়েছে। আমার ধুরন্ধর এর মতো ছবির প্রয়োজন ছিল।'